‘মিঠা’ লাউয়ের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কামালবাজারের সবজিচাষি সাইফুদ্দিন এবার ১০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে মিষ্টি লাউয়ের চাষ করেছিলেন। মিষ্টি লাউ সিলেট অঞ্চলে ‘মিঠা’ লাউ বা ‘সবরি কদু’ নামে পরিচিত। এ লাউয়ের উৎপাদন এবার ভালো হওয়ায় সাইফুদ্দিন ভ্যানগাড়িতে করে খেতের ৩০০টি লাউ হাটে তুলেছেন। গাড়ি থেকে নামানোর আগেই পাইকারি দরে প্রতিটি লাউ ১০ থেকে ১২ টাকায় বিক্রি করে দিয়েছেন। শুধু কামালবাজারের সাইফুদ্দিন নন, জেলার গোলাপগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার সবজি চাষ এলাকায় এবার লাউয়ের চাষ ভালো হওয়ায় নগরের বড় সবজিবাজার সোবহানীঘাট যেন ‘মিঠা’ লাউয়ের হাটে পরিণত হয়েছে। ট্রাক আর ভ্যানগাড়িভর্তি লাউ পাইকারি বিক্রেতারা সরাসরি খেতের চাষিদের কাছ থেকে কিনে হাটে তুলছেন খুচরা বিক্রির জন্য। থরে থরে সাজানো লাউয়ের পসরায় সিলেটের ‘মিঠা’ লাউ বাইরের জেলায় পাঠানো হচ্ছে। হাটে মিঠা লাউয়ের ব্যাপক আমদানি দেখে যোগাযোগ করলে সিলেট কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘জৈবিক পদ্ধতিতে মিষ্টি লাউয়ের চাষ হয়েছে। আমাদের পর্যবেক্ষণটা এবার এমন ছিল যে যেখানে পতিত জমি ছিল, সেখানেই চাষিরা মিষ্টি লাউ রোপণ করেছিলেন। চৈত্রের শুরু থেকে এ পর্যন্ত শিলাবৃষ্টি না হওয়ায় মিষ্টি লাউয়ের উৎপাদন রেকর্ড ছাড়িয়ে গেছে।’ সিলেট জেলায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সবজি চাষ লক্ষ্যমাত্রার বরাত দিয়ে কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা জানান, স্থানীয় উন্নত জাতের লাউ জেলার ১২ উপজেলায় প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। এতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন উৎপাদন হওয়ার আশাবাদ রয়েছে। এমনটি হলে এ মৌসুমই সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি মাত্রার মিষ্টি লাউয়ের উৎপাদনের রেকর্ড কৃষি অধিদপ্তরে সংগৃহীত হবে। সোবহানীঘাট থেকে লাউ কিনে মজুদও চলছে বলে পাইকারি দরে কিনে খুচরা দরে বিক্রেতারা জানান। ফেঞ্চুগঞ্জের বাদেদেউলি গ্রামের আবু হানিফ জানান, আর মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যে হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হবে। তখন ‘মিঠা’ লাউ হাওরের প্রত্যন্ত এলাকায় ফেরি করে ধানের বিনিময়ে বিক্রি হবে। সিলেট কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এবার সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন হওয়ার পেছনে প্রাকৃতিক অবস্থার অবদান রয়েছে। আগাম বৃষ্টি হলেও শিলাবৃষ্টি না হওয়ায় উৎপাদন ভালো হয়েছে। এ জন্য সিলেটের লাউ জেলার বাইরেও যাচ্ছে।’