'মিডিয়া টক' মাতালেন অনন্ত জলিল
মিলনায়তনভর্তি দর্শকদের উপচে পড়া ভিড় আর উচ্ছ্বাস। এ উচ্ছ্বাস চলচ্চিত্র নায়ক অনন্ত জলিলকে ঘিরে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন সংবাদ পত্রিকা ডিইউ টাইমজের উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠান ‘মিডিয়া টক’-এ এসেছিলেন অনন্ত জলিল।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুষ্ঠান ‘তালাশ’-এর উপস্থাপক মনজুরুল করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের চেয়ারপারসন সুদীপ চক্রবর্তীও এতে অংশ নেন।
অনুষ্ঠানে আলোচকেরা নিজ নিজ মাধ্যমের অভিজ্ঞতার কথা বলেন। অনন্ত জলিল শিক্ষার্থীদের বলেন, ‘স্বপ্ন, লক্ষ্য, শৃঙ্খলা নাথাকলে জীবনে এগিয়ে যাওয়া যায় না’। তিনি বলেন, মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়া অনেক বড় কাজ।
অনুষ্ঠান শেষে আলোচকেরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।