ফরিদপুরের নগরকান্দায় বিএনপি ও স্বতন্ত্র দুই মেয়র প্রার্থী তাঁদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলার’ আশঙ্কা করছেন। এ শঙ্কার কথা জানিয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মুরাদ হোসেন গত বুধবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন। এদিকে বিএনপির মেয়র প্রার্থী মো. সাইফুর রহমানের ছোট ভাই তৈয়বুর রহমানকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেওয়ায় এ শঙ্কা তাঁদের মধ্যে জোরালো হয়েছে।
মুরাদ হোসেন লিখিত অভিযোগে বলেন, ‘কত লোক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এবং আমার নির্বাচন পণ্ড করার জন্য আমার দুই ছেলে ও ৩১ জন পোলিং এজেন্টের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার পাঁয়তারা করছেন। আমি আমার নির্বাচনী এলাকায় স্বাধীনভাবে প্রচারণার কার্যক্রম করতে পারছি না। তাঁরা বিভিন্নভাবে আমাকে নির্বাচনে অংশ না নিতে হুমকি দিচ্ছেন। তাঁরা আমার লোকদেরও নানাভাবে ভয় দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন।’
‘কত লোক’ বলতে তিনি কাদের বুঝিয়েছেন, জানতে চাইলে গত শুক্রবার মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘কত লোক’ হলেন আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রায়হান উদ্দিন মিয়া বলেন, মুরাদ হোসেন যে অভিযোগ করেছেন, তাঁর কোনো ভিত্তি নেই।
এদিকে এলাকায় ‘দাঙ্গা’ সৃষ্টি করে লোকজনকে উত্তেজিত করার দায়ে তৈয়বুর রহমানকে দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ। ওই দিন দুপুরে নগরকান্দা বাজার এলাকা থেকে ‘জিজ্ঞাসাবাদের’ কথা বলে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।
বিএনপির প্রার্থী সাইফুর বলেন, ‘থানার দুই উপপরিদর্শক ঘটনাস্থলে এসে তৈয়বকে বলেন, আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হবে। পরে মিথ্যা অভিযোগে তৈয়বুরকে কারাদণ্ড দেওয়া হয়। তৈয়বুর আমার নির্বাচনী সমন্বয়কারী। এ ঘটনার পর আমার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা আশঙ্কা প্রকাশ করছেন, নির্বাচনের আগে এ জাতীয় ঘটনা আরও ঘটতে পারে।’
দুই প্রার্থীর শঙ্কা সম্পর্কে জেলা নির্বাচন কর্মকর্তা ও নগরকান্দা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী কোথায় কী অভিযোগ দিয়েছেন, তা আমার জানা নেই।’ আর বিএনপি প্রার্থীর ভাইয়ের কারাদণ্ড সম্পর্কে পুলিশ তাঁকে বলেছে, এটা আইনশৃঙ্খলা রক্ষার জন্য করা হয়েছে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
কারচুপি হলে প্রতিহত: এদিকে বোয়ালমারীতে পথসভায় সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, ‘পৌরসভার নির্বাচনে কারচুপি করা হলে তা প্রতিহত করা হবে। কাউকে ভোট ছিনতাই করতে দেওয়া হবে না। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্তমতে নির্বাচনের শেষ সময় পর্যন্ত আমরা ভোটে থাকব।’ গত শুক্রবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গুণবাহা তালতলা এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।