'মিথ্যা মামলা'য় ফ্ল্যাট মালিকদের হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্ল্যাট মালিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে মামলা’ দায়ের করে তাঁদের হয়রানি করার অভিযোগ উঠেছে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। এখন ওই মামলার আসামিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বুড়িগঙ্গা রিয়েল এস্টেট নামের ওই আবাসন প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ওই বাড়ির কাজে অনিয়ম, যথাসময়ে বাড়ির কাজ সম্পন্ন না হওয়া, সাততলার ওপর অনুমতি ছাড়া ফ্ল্যাট তৈরি করে নিজে বসবাস, নিচতলায় পার্কিংয়ের জায়গায় কার্যালয় তৈরি, বাড়ির ছাদ ব্যবহার করতে না দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে চলতি বছরের ৪ মার্চ বাড়ির নিচে আলমগীরের সঙ্গে ফ্ল্যাট মালিকদের এক বৈঠক হয়। ওই বৈঠকে দুই পক্ষে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে আলমগীর একটি ফ্ল্যাটের মালিক মিনারা শাহনাজকে আঘাত করেন।
এ ঘটনায় মিনারা শাহনাজের বড় বোন সুরাইয়া বেগম বাদী হয়ে ওই দিনই আলমগীর ও তাঁর ভাই আসাদুজ্জামানের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন। থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ফ্ল্যাট মালিক জানান, মামলাটি তুলে নিতে আলমগীর শুরু থেকেই বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। কিন্তু এতে রাজি না হওয়ায় তিনি ২৪ মার্চ অপর দুই ফ্ল্যাট মালিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুর রহমান ও আনিছুজ্জামান পাটোয়ারির বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আদালতে মামলা করেন।
আদালতের নির্দেশে ডিবির খিলগাঁও অঞ্চলের উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান তদন্ত করে ১৮ মে আদালতে প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, ফ্ল্যাট মালিক মিনারা শাহনাজকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বাদী নিরীহ ফ্ল্যাট-মালিকদের হয়রানি করার জন্য মামলাটি করেছেন।
ফ্ল্যাট মালিক আবদুর রহমান বলেন, ডিবির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের মামলা থেকে অব্যাহতি দেন। কিন্তু আলমগীর ২৩ জুন তিনি (আবদুর রহমান) ও আনিছুজ্জামান ছাড়াও মিনারা শাহনাজের দুই ছেলে ব্যাংক কর্মকর্তা মো. রাজু, বেসরকারি চাকরিজীবী মেহেদী হাসান ও মো. হিমেলের বিরুদ্ধে আরও একটি মামলা করেন। আগের প্রমাণিত না হওয়া মামলার অভিযোগ হুবহু রেখে তিনি এ মামলা করেন।
মামলা দুটির কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, উভয় মামলার প্রায় প্রতিটি বাক্য একই রকম। শুধু তারিখ, সময় ও টাকার অঙ্ক পরিবর্তিত।
ফ্ল্যাট মালিক মিনারা শাহনাজ বলেন, ‘আমি এই হয়রানিমূলক মামলার দ্রুত নিষ্পত্তি চাই।’
এ ব্যাপারে আবাসন প্রতিষ্ঠানের মালিক আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গত শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ফ্ল্যাট মালিকদের সঙ্গে আপস হয়ে গেছে। মামলাটি তুলে নেওয়া হবে।’
আলমগীরের করা দ্বিতীয় মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই কামরুজ্জামান বলেন, শিগগিরই মামলার প্রতিবেদন জমা দেওয়া হবে।