বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যাবাদী আখ্যায়িত করে তাঁর বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে আমরা ৪২ বছরেও নিশ্চিহ্ন করতে পারিনি। তাদের সর্বক্ষেত্রে বর্জন করতে হবে। এ অপশক্তি দেশের শান্তি বিনষ্ট করছে।’
গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে মন্ত্রী ছায়েদুল এসব কথা বলেন। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভবনটি নির্মাণ করা হচ্ছে।
জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, জেলা প্রশাসক মুহাম্মদ মুশাররফ হোসেন, সুজনের সভাপতি অধ্যাপক মুখলেছুর রহমান ও জেলা নাগরিক কমিটির সভাপতি আবদুস সামাদ।