‘মিথ্যা’ মামলায় যাবজ্জীবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় আদালতের রায়ে এক শিশু ও তিন নারী প্রায় এক বছর ধরে সাজা ভোগ করছে। এদের প্রত্যেকের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। আরেকজন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ মাথায় নিয়ে পলাতক।কিন্তু বাদী তাঁর মেয়ে সাজেদা আক্তারকে (১২) অপহরণের অভিযোগে মামলাটি করলেও ওই নামে তাঁর কোনো মেয়ে নেই বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিবেশীরা।ধামরাই থানাসূত্রে জানা গেছে, বাদী রজব আলীর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে। তিনি নিজেকে ঢাকার ধামরাই উপজেলার দুনিগ্রাম গ্রামের বাসিন্দা পরিচয় দিয়েছেন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার কুশাভাঙ্গা গ্রামের আবদুর রশিদ (৪২), তাঁর স্ত্রী শুকুরী বেগম (৩৬), একই গ্রামের সোনাবান ওরফে শম্পা (৫০) ও রাজীবপুর গ্রামের মনরা আক্তারের (২৩) বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণের অভিযোগে ২০০৩ সালের ২৪ জুলাই আদালতে মামলার আবেদন করেন। এঁদের মধ্যে সোনাবান ও মনরা সম্পর্কে মা-মেয়ে, শুকুরী ও সোনাবান দুই বোন। আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়। থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সাঈদ আল মামুন ২০০৪ সালের ৬ জানুয়ারি চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ৭ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত শুকুরী বেগম, শম্পা ও মনরা আক্তারকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং আবদুর রশিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। রায়ের পর শুকুরী, শম্পা ও মনরাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মনরার সঙ্গে জেলে ঠাঁই হয় তাঁর পাঁচ মাসের শিশু আতিকের। আবদুর রশিদ পলাতক।মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, সাজেদা আক্তার নিখোঁজ হয় ২০০৩ সালের ১০ জুলাই। সাত দিন পর রজব আলী ধামরাই থানায় সাধারণ ডায়েরি করেন। এতে তিনি কারও নাম উল্লেখ করেননি। কিন্তু আদালতে মামলার আবেদনে বলা হয়, আসামিরা তাঁর মেয়ে ধামরাইয়ের প্রত্যাশা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সাজেদাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন। সাক্ষী করা হয় দুনিগ্রাম গ্রামের তাঁর সাত প্রতিবেশী ও আত্মীয়কে।সাটুরিয়া উপজেলার হরগজ ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন এক প্রতিবেদনে উল্লেখ করেন, রজব আলী তাঁর ইউনিয়নের পূর্বনগর গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর দুই স্ত্রীর ঘরে পাঁচ সন্তান থাকলেও সাজেদা আক্তার নামে কোনো মেয়ে নেই। প্রত্যাশা উচ্চবিদ্যালয়ের প্রত্যয়নপত্রে বলা হয়েছে, ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সাজেদা নামে তাঁদের কোনো ছাত্রী ছিল না। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ওই সময়ে ওই নামে তাঁর বিদ্যালয়ের কোনো ছাত্রী অপহূত হয়নি। রজব আলীর প্রতিবেশী ও সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের বাসিন্দা মো. আমীর আলী বলেন, রজব আলীর প্রথম পক্ষের ঘরে দুই সন্তান। তাঁরা হলেন, আবদুর রাজ্জাক (৪০) ও রাজিয়া আক্তার (৩৫)। দ্বিতীয় পক্ষের ঘরে তিন সন্তান। তাঁরা হলেন, রোজিনা (৩০), সুমি আক্তার (২৫) ও সোহেল (১৮)। তাঁদের সবাই জীবিত। আমাদের জানা মতে, সাজেদা আক্তার নামে তাঁর কোনো মেয়ে ছিল না। ধামরাইয়ের দুনিগ্রাম গ্রামের মহর আলীসহ ওই গ্রামের আরও অনেকে জানান, সাজেদা আক্তার নামে রজব আলীর কোনো মেয়ে ছিল না। পুলিশ গ্রামে এসে সরেজমিনে তদন্ত না করেই মনগড়া প্রতিবেদন দিয়ে নিরীহ কয়েকজনকে ফাঁসিয়ে দিয়েছে।মনরার স্বামী আবদুল বাছির বলেন, আট বছর আগে দুনিগ্রাম গ্রামের সানোয়ার হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী মনরা আক্তারের প্রথম বিয়ে হয়। বিয়ের পর মনরাকে নির্যাতনের অভিযোগে মনরার মা শম্পা বেগম সানোয়ার হোসেন ও তাঁর ভাই আনোয়ার হোসেন এবং শ্বশুর আমান উল্যাহসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা নিষ্পত্তি হওয়ার পর মনরা ও সানোয়ারের বিচ্ছেদ হয়। পরে তিনি মনরাকে বিয়ে করেন। তিনি অভিযোগ করেন, রজব আলী মনরার আগের শ্বশুর আমান উল্যাহর ভগ্নিপতি। আগের ঘটনার জের ধরে আমান উল্যাহ রজব আলীকে দিয়ে ওই মামলা সাজিয়েছিলেন।রজব আলী বলেন, সাটুরিয়ার হরগজ গ্রামের বাসিন্দা হলেও ২০০৩ সালে কয়েক মাসের জন্য তিনি ধামরাইয়ের দুনিগ্রাম গ্রামের শ্বশুরবাড়িতে থেকেছেন। সেখান থেকে তার ছোট মেয়ে সাজেদা আক্তার (১২) অপহূত হওয়ার পর তিনি অন্যত্র চলে যান। সাজেদা আক্তার নামে তাঁর কোনো মেয়ে না থাকা ও প্রত্যাশা উচ্চবিদ্যালয়ে ওই নামে কোনো ছাত্রী না থাকা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। রজব আলীর শ্যালক আমান উল্যাহ বলেন, ‘রজব ও সাজেদা নামে কাউকে আমি চিনি না।’ মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ আল মামুন বলেন, ‘আমি নিরপেক্ষভাবে তদন্ত করেই আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেছি।’ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন বলেন, আদালতে রায়ের পর কোনো মামলা নিয়ে মন্তব্য করা ঠিক নয়। আসামি পক্ষকে আপিল করে আইনি লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন।