'মিথ্যা' হত্যা মামলা দিয়ে হয়রানি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক কলেজছাত্র ও তাঁর বাবাকে ‘মিথ্যা’ হত্যা মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ছাত্রের নাম তানভীর হাসান ওরফে আলামিন। তিনি উপজেলার কামালপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে ও ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। আবদুল কাদিরও ওই একই মামলার আসামি।
কাদির ও তানভীরের দাবি, গত ২০ জুন কামলাপুর গ্রামের একটি মারামারির ঘটনায় তাঁদের দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন একই গ্রামের মহরম আলী। কিন্তু ঘটনার সময় তাঁরা দুজনই শহরে অবস্থান করছিলেন।
স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ জুন আখখেত নিয়ে মহরম আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল আজিজের ছেলে শামীম মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মারামারি হয়। পরে শামীমের পক্ষের কয়েকজন এসে মারামারিতে যোগ দেন। এ সময় মহরম আলীর মা জমিলা খাতুনকেও তাঁরা মারধর করেন। এতে জমিলা খাতুন হাতে আঘাত পান। জমিলাকে ওই দিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন পর চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। হাতের জখম ভালো না হওয়ায় গত ১৩ জুলাই ময়মনসিংহ শহরের ‘নিউ পরিচর্যা’ নামের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয় জমিলাকে। সেখানে ১৫ জুলাই জমিলার মৃত্যু হয়। এ ঘটনায় মহরম আলী ২৩ জুলাই থানায় আবদুল আজিজ, শামীম, আবদুল আজিজের ভাই আবদুল কাদির, ভাতিজা তানভীরসহ ১২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক নিউ পরিচর্যা হাসপাতালের এক কর্মকর্তা জানান, গত ১৩ জুলাই জমিলার হাতে সফল অস্ত্রোপচার হয়। ১৫ জুলাই তিনি হাসপাতালের শৌচাগার থেকে ফিরে অসুস্থ বোধ করেন। এর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তাঁদের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে জমিলার মৃত্যু হতে পারে।
এ ব্যাপারে মহরম আলীর মুঠোফোনে ফোন করলে তিনি ফোন ধরলেও কোনো কথা বলেননি।