'মিয়ানমারের কোনো সন্ত্রাসীর আস্তানা বাংলাদেশে নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সন্ত্রাসীদের কোনো গোপন আস্তানা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ গতকাল বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে বিজিবি এ কথা জানায়৷
বিজিবির কর্মকর্তারা জানান, মিয়ানমারে সংঘটিত সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে এ বৈঠক হয়৷ এ সময় বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর গোপন আস্তানা আছে বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করে বিজিপি৷ তবে এ ধরনের আস্তানা বা অবস্থান না থাকার বিষয়টি বৈঠকে তাঁরা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷ বৈঠকে দুই দেশের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের দমন করার বিষয় ছাড়া অন্য কোনো ইস্যুতে আলোচনা হয়নি৷
গতকাল বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ির লেমুছড়ি সীমান্তচৌকির ৫০ নম্বর সীমান্ত পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা ওই বৈঠক করেন৷ এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন এই বাহিনীর উপমহাপরিচালক ও কক্সবাজারের সেক্টরের অধিনায়ক কর্নেল খন্দকার ফরিদুর হাসান৷ তাঁর সঙ্গে ছিলেন বান্দরবান সেক্টরের অধিনায়ক কর্নেল এ কে এম সাইফুল ইসলাম ও চারটি ব্যাটালিয়নের অধিনায়কেরা৷ বৈঠকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন বিজিপি মংডু সেক্টরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল টিং কো কো৷ তাঁর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার তিনজন কর্মকর্তা৷
বৈঠক সূত্রে জানা যায়, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বৈঠকের শুরুতেই ১৩ মে থেকে ১৭ মে সীমান্ত এলাকায় তাঁদের দেশের অভ্যন্তরে সংঘটিত তিন দফা গোলাগুলি এবং কয়েকজন নির্মাণশ্রমিক অপহরণের ঘটনা জোরালোভাবে উত্থাপন করেন৷