'মিলিমিশি থাকি সবে একসঙ্গে খাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঠানে বুকসম পানি। তাই পরিবারসহ বাড়িঘর ছাড়তে হয় মলিন রায়কে (৬৭)। আশ্রয় নিয়েছেন সড়কের পাশের নির্মাণাধীন দোকানঘরে। তা-ও চার দিন পেরিয়ে গেছে। সেখানে আশ্রয় নিয়েছে মোট ২৪টি পরিবার। কেউ হিন্দু, কেউ মুসলমান। তারা থাকে মিলেমিশে। খায় একসঙ্গে।

দিনাজপুরের বীরগঞ্জ-খানসামা সড়কের পাশে নিজপাড়া এলাকার বাজারের কয়েকটি দোকানে আশ্রয় নিয়েছে ওই ২৪টি বন্যাদুর্গত পরিবার।

গতকাল সোমবার দুপুরে সেখানে সরেজমিনে দেখা যায়, ওই পরিবারগুলো দুপুরের রান্নার কাজে ব্যস্ত।

এ সময় দোকানঘরের সামনের বারান্দায় সিমেন্টের চুলায় মাছের তরকারি রান্না করছিলেন নিজপাড়া গ্রামের দিনমজুর মলিন চন্দ্রের স্ত্রী বকুল রানী (৫২)। তিনি বলেন, ‘এঠে অনেকেই আশ্রয় নিছি। কাউ হিন্দু কাউ মুসলমান। সবাই এক সাথে থাকি। এক ডেগো রাঁধি। আর মিলিধরি খাই। এইঠে জাতপাত নাই।’ সেখানে বকুলকে রান্নায় সহায়তা করছিলেন একই গ্রামের সাহেলা বেগম (৪৫)। তিনি বলেন, ‘চার দিন হয়ে গেল, একসঙ্গে মিলিমিশে থাকছি ও খাচ্ছি।’

সেখানে আশ্রয় নেওয়া রমজান আলী বলেন, একসঙ্গে থেকে দিন কেটে গেলেও এখানে খাবার জোগাতেই তাঁদের কষ্ট করতে হয়। চার দিনে তাঁরা বেসরকারি সংস্থা থেকে চিড়া ও ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে পরিবারপ্রতি দুই কেজি চাল পেয়েছেন। তা পেয়ে ভাগাভাগি করে খেয়েছেন।

বেলা আড়াইটার দিকে বীরগঞ্জ ডিগ্রি কলেজে দেখা যায়, উপজেলা প্রশাসন থেকে রান্না করা খিচুড়ি বিতরণ চলছে।

বীরগঞ্জের ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি শ্রেণিকক্ষে আশ্রয় নিয়েছে ৩৫টি দুর্গত পরিবার। বারান্দায় গবাদিপশু রেখে ঘরে বেঞ্চ জোড়া লাগিয়ে থাকার ব্যবস্থা করেছে তারা। বিদ্যালয়ে ঢোকার মুখে দেখা রওশন বেগমের সঙ্গে (৩৪)। বারান্দায় ছেলে সুজনকে (৩) নিয়ে বসে আছেন।

সুজন কাঁদছে। রওশন তাঁকে শান্ত রাখতে চেষ্টা করছেন। রওশন বলেন, ‘ছেলেটা দুধ খেতে চাচ্ছে। এখানে দুধ পাব কেমন করে। হাতেও টাকা নেই।’ রওশনের কথা শুনে এগিয়ে এলেন এক নারী। মিনিট কয়েক পরে ফিরলেন এক বোতল দুধ হাতে। পরে তা রওশনের হাতে দিয়ে ছেলেকে খাইয়ে শান্ত করতে বললেন। তাঁর নাম জসদা রানী (৪০)।

তিনি বলেন, তাঁর ছেলের জন্য দুধটা এনেছিলেন। কিন্তু সুজনের অবস্থা দেখে কষ্ট হচ্ছিল। তাই দিয়ে দিয়েছেন। সবাই এখানে আশ্রয় নিয়েছেন। মিলমিশ না থাকলে টেকা যাবে না।

বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই সরকার বলেন, বীরগঞ্জের ৫৮টি গ্রাম তলিয়ে গেছে। ১ হাজার ৪৭০টি দুর্গত পরিবার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ভবনে আশ্রয় নিয়েছে। এদের জন্য ২০ মেট্রিক টন চাল ও ৮৫ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন।

 খানসামার ইউএনও মো. সাজেবুর রহমান বলেন, ৫৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ৪ হাজার ৭০০ মানুষ আশ্রয় নিয়েছে। সদর থেকে পানি নেমে গেলেও গ্রাম পর্যায়ে এখনো কোমরপানি। বীরগঞ্জ-খানসামা সড়ক এখনো পানির নিচে রয়েছে।

খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন বলেন, আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষগুলোর মধ্যে একপ্রকার বন্ধন সৃষ্টি হয়। সেই বন্ধনেই তারা নিজেদের আপন হয়ে ওঠে।