'মিলেমিশেই হবে উন্নয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের দোতলায় রিটার্নিং কর্মকর্তার কক্ষের সামনে গতকাল সোমবার সকাল থেকেই বসেছিল প্রার্থীদের মিলনমেলা। প্রতীক বরাদ্দ নিতে তাঁরা সবাই সেখানে হাজির হয়েছিলেন। সেখানে গল্প-আড্ডায় মশগুল ছিলেন তাঁরা। তাঁদের দেখে বোঝার উপায় ছিল না, তাঁরা পৌরসভা নির্বাচনে একে অন্যের প্রতিদ্বন্দ্বী।
সেখানে কথা হয় বিভিন্ন পদের একাধিক প্রার্থীর সঙ্গে। এ সময় তাঁরা বলেন, যে-ই জয়ী হোন না কেন, মিলেমিশেই হবে এলাকার উন্নয়ন।
চুয়াডাঙ্গা পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দার, বিএনপির প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী (স্বতন্ত্র) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তুষার ইমরান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এখানে সাধারণ কাউন্সিলর পদে ৫৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খন্দকার আবদুল জব্বার বলেন, ‘ভোটারদের ভয়হীন চিত্তে ভোটকেন্দ্রে যাওয়া ও ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফেরার পরিবেশ সৃষ্টি নিশ্চিত করাই সবচেয়ে জরুরি। এ জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে পক্ষপাতহীন দায়িত্ব পালন করতে হবে। আমি বিশ্বাস করি, আমরা ভোটের মাঠে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী মাত্র। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে যে-ই জয়লাভ করুক, ফল মেনে নেব। আমি নির্বাচিত হলে যেমন সহযোগিতা কামনা করব, তেমনি অন্যজনকেও সহযোগিতা করব। সবাই মিলেমিশেই পৌর এলাকার উন্নয়ন করব ইনশা আল্লাহ।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দেখা গেল ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক ও শেখ সেলিম এবং সংরক্ষিত ২ নম্বর (৪, ৫ ও ৬) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুফিয়া খাতুন ও বিলকিস খাতুনকেও। তাঁরাও উন্নয়নের জন্য মিলেমিশে কাজ করার কথা বলেন।