‘মিসবাহ-শফিকের অপরাজনীতি’র প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ আদালতে গুলশান সেন্টারে গ্রেনেড মামলার অধিকতর তদন্তের নামে বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে জড়ানোর চেষ্টা করছেন। ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেট-২ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ শফিকুর রহমান চৌধুরীর প্ররোচনায় আদালতে আবেদন করা হয়েছে। এটা প্রতিহিংসার রাজনীতি। মিসবাহ-শফিকের অপরাজনীতি বিএনপি দৃঢ়ভাবে মোকাবিলা করবে। বিএনপির সঙ্গে সিলেটবাসী রাজপথেই থাকবে।’ নেতা-কর্মীদের এ আহ্বান জানিয়ে সিলেটে গতকাল বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।সিলেট নগরের কোর্ট পয়েন্টে বেলা তিনটায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা ও মহানগর ছাড়াও বিভিন্ন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী, বিএনপির নেতা নোমান মাহমুদ, বদরুজ্জামান সেলিম, ছাতক উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, মহিলা দলের নেত্রী হাদিয়া চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবদুল আহাদ খান, জেলা ও মহানগর ছাত্রদলের নুরুল আলম সিদ্দিকী, ইফতেখার আহমদ, মতিউল বারী চৌধুরী প্রমুখ।সমাবেশের বক্তব্যে বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, হরকাতুল জিহাদের জঙ্গিদের গ্রেনেড হামলার একটি ঘটনার বিচারাধীন মামলা সম্প্রতি আদালত পুনঃ তদন্তের নির্দেশ দিলে আওয়ামী লীগের নেতা মিসবাহ উদ্দিন সিরাজ ও সাংসদ শফিক এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর সম্পৃক্ততা আছে বলে বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন। এতে বিএনপিদলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।সমাবেশে বক্তারা বলেন, পুনঃ তদন্তের আগেই এ রকম বলে দেওয়া অপরাজনীতি। মিসবাহ-শফিক অপরাজনীতি শুরু করেছেন।সাংসদ শফিকের প্রতিক্রিয়া: বিএনপির বিক্ষোভ ও তাঁদের নামে দোষারূপ প্রসঙ্গে সাংসদ শফিকুর রহমান চৌধুরী এক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, গুলশান সেন্টারে গ্রেনেড হামলার ঘটনায় হরকাতুল জিহাদের (হুজি) সিলেট অঞ্চলের সংগঠন শরিফ শাহেদুল আলম বিপুল চারদলীয় জোটের আমলেই (২০০৬ সাল) গ্রেপ্তার হন ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে বিপুল একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন বলে জানান। ওই জবানবন্দির আলোকে তদন্ত যথাযথ হয়নি বলে আদালত পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন। এখানে রাজনীতি বা অপরাজনীতি বলার কোনো সুযোগ নেই।