মিয়ানমারের রাখাইনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের যথেষ্ট বিশ্বাসযোগ্য উপাদান আছে বলে আজ শনিবার শুনানির পর রায় দিয়েছেন একটি প্রতীকী আদালত। মিয়ানমারে গণহত্যা বিষয়ে দেশে এটা ছিল প্রথম প্রতীকী ট্রাইব্যুনাল। এর আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ছাত্রদের একটি পাঠচক্র।
আজ তিন সদস্যের এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম। আদালতের অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বদরুল হাসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীদের পাঠচক্র সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) ‘মিয়ানমারে গণহত্যা বিষয়ে ছাত্রদের ট্রাইব্যুনালে’ (স্টুডেন্টস ট্রাইব্যুনাল অন জেনোসাইড ইন মিয়ানমার) প্রতীকী বিচার হয়। এসসিএলএস আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালতের (আইসিসি) আদলে আজ চট্টগ্রাম আইনজীবী সমিতির মিলনায়তনে এই ট্রাইব্যুনাল স্থাপন করে।
ট্রাইব্যুনালে মিয়ানমারের রাখাইনে গণহত্যা নিয়ে ২৪ জন সাক্ষ্য উপস্থাপন করেন। এতে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থার প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যম তথা বিবিসি, রয়টার্স, আল জাজিরা, প্রথম আলো, ডেইলি স্টার-এর প্রতিনিধি ও ভুক্তভোগী রোহিঙ্গারা মিয়ানমার সেনাদের বর্বরোচিত নির্যাতনের চিত্র ট্রাইব্যুনালে তুলে ধরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা এসব সংস্থার প্রতিনিধিত্ব করেন।
২৪ জনের সাক্ষ্যের ওপর ভিত্তি করে বাদীপক্ষের (প্রসিকিউশন) চারজন এবং বিবাদীপক্ষের (ডিফেন্স) চারজন যুক্তিতর্কে অংশ নেন। গতকাল বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপনের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান আমিরুল ইসলাম রায় ঘোষণা করেন।
রায়ে আমিরুল ইসলাম বলেন, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, মিয়ানমারের ঘটনায় গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের যথেস্ট বিশ্বাসযোগ্য উপাদান আছে। চূড়ান্ত বিচারিক সিদ্ধান্তের জন্য এ বিষয়ে আরও পূর্ণ অধ্যয়ন, মূল্যায়ন ও বীক্ষণ প্রয়োজন।
এর আগে বাদীপক্ষের চারজন কৌঁসুলি ট্রাইব্যুনালে বলেন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা এবং গণমাধ্যমের যেসব প্রতিনিধি এই ট্রাইব্যুনালে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন, তাতে রাখাইনে গণহত্যা সংঘটিত হয়েছে বলে প্রমাণিত হয়েছে।
বাদীপক্ষের কৌঁসুলিরা বলেন, জন্মগতভাবে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। হাজার বছরে মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাস। কিন্তু ১৯৮২ সালে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক আইন সমর্থন করে না। এ ছাড়া সেখানে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে ফিরিয়ে নেওয়া একমাত্র এই সমস্যার সমাধান।
যুক্তিতর্কে অংশ নিয়ে বিবাদীপক্ষের কৌঁসুলিরা বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়। তাদের একটি অংশ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য, যারা মিয়ানমারের সেনা ও পুলিশ ছাউনিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তাই মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমার সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। রোহিঙ্গাদের কী হচ্ছে, তা মিয়ানমার সরকারের দেখার বিষয় নয়।
ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর গতকাল সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী আমীর-উল ইসলাম প্রধান অতিথি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহমান নাসির উদ্দিন প্রধান আলোচক ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক নির্মল কুমার সাহা।
আলোচনা সভার প্রধান বক্তা রাহমান নাসির উদ্দিন বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের আদিবাসী। হাজার বছর ধরে সেখানে এই নৃগোষ্ঠীর বসবাস। অথচ মিয়ানমার সরকার এই নৃগোষ্ঠীর অস্তিত্ব অস্বীকার করছে। তারা বলছে, চট্টগ্রামের ভাষার সঙ্গে রোহিঙ্গাদের ভাষার মিল রয়েছে। মিয়ানমার সরকারের এই বক্তব্য সত্য নয়। রোহিঙ্গাদের ভাষার সঙ্গে চট্টগ্রামের চেয়ে মিয়ানমারের ভাষার মিল বেশি।