জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী হাসিনা খাতুন।
জবানবন্দিতে হাসিনা খাতুন বলেন, একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেলে আটক অবস্থায় তাঁর ফুফাতো ভাই জসিমকে মীর কাসেমের নেতৃত্বে আলবদররা নির্যাতন করে হত্যা করে। এ তথ্য তিনি অনেকের কাছে শুনেছেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাসিনা খাতুন (৭২) জবানবন্দি দেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুসাপুর গ্রামে। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর পরিবারের অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন, তাঁদের মধ্যে ছিলেন ফুফাতো ভাই জসিম। একাত্তরে জসিম চট্টগ্রাম কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন। একাত্তরের রোজার ঈদের দিন জসিম তাঁর বাসা থেকে পোলাও-কোরমা খেয়ে চলে যান। দেশ স্বাধীন হওয়ার পরও জসিমের কোনো খোঁজখবর না পেয়ে তিনি অস্থির হয়ে ওঠেন। একদিন তিনি চট্টগ্রামের তৎকালীন কমিউনিস্ট পার্টির কার্যালয়ে গিয়ে ন্যাপ নেতা শফিউল আলমের সঙ্গে দেখা করে জসিমের খবর জানতে চান। জসিমের বাড়ি সন্দ্বীপ শুনে শফিউল আলম জানান, তিনি যখন ডালিম হোটেলে বন্দী ছিলেন, তখন জসিমও সেখানে একই ঘরে বন্দী ছিলেন। মীর কাসেম আলীর নেতৃত্বে আলবদর সদস্যরা জসিমকে নির্যাতন করে ফেলে দেয়। তিনি জসিমকে মরণাপন্ন অবস্থায় দেখেন এবং কিছুক্ষণের মধ্যেই জসিম মারা যান।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, জনৈক সাইফুদ্দিন খানের কাছেও তিনি জসিমের মৃত্যুর প্রসঙ্গে একই ধরনের কথা শুনেছেন। জসিমের লাশ কোথায় জানতে চাইলে সাইফুদ্দিন তাঁকে বলেছেন, কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়েছে। ডালিম হোটেলে বন্দী থাকাকালে স্বপন নামের একটি ছেলে তাঁকে এসব তথ্য দিয়েছে। স্বপন বন্দীদের খাবার সরবরাহ করত।
জবানবন্দির শেষ পর্যায়ে হাসিনা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, জসিমের খবর জানতে তিনি আরও অনেকের কাছে গিয়েছিলেন। সবাই একবাক্যে বলেছেন, মীর কাসেমের নেতৃত্বে আলবদর সদস্যরা ডালিম হোটেলে জসিমকে নির্যাতন করে হত্যা করেছে এবং লাশ কর্ণফুলী নদীতে ফেলে দিয়েছে।
জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে আসামিপক্ষের জেরার জন্য ২৩ মার্চ (রোববার) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।