'মীর কাসেমের নেতৃত্বে বাবাকে ধরে নিয়ে যায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী শিবু দাস। একাত্তরে মুক্তিযুদ্ধকালে শহীদ রণজিৎ দাসের ছেলে শিবু দাস জবানবন্দিতে বলেছেন, একাত্তরে মীর কাসেম আলীর নেতৃত্বে তাঁর বাবাকে আলবদররা ধরে নিয়ে যায় বলে মায়ের কাছে শুনেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শিবু দাস (৪৬) জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তাঁরা তিন ভাই, তিন বোন। ভাইবোনদের মধ্যে তিনি তৃতীয়। একাত্তরে তাঁর বয়স ছিল তিন বছর। সে সময় তাঁদের বাসা ছিল চট্টগ্রাম শহরের হাজারী লেনে। বাবার স্মৃতি তাঁর মনে নেই। বড় হয়ে মায়ের কাছে শুনেছেন, মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনী তাঁর বাবাকে হত্যা করে। একাত্তরের নভেম্বরে মীর কাসেমের নেতৃত্বে তাঁর বাবাকে বাসা থেকে ধরে নিয়ে ডালিম হোটেলে আটকে রেখে পরে হত্যা করা হয়। একাত্তরে ডালিম হোটেল ছিল আলবদরদের আড্ডাখানা। সেখানে অনেক লোককে নিয়ে মেরে ফেলা হয়েছে। টুন্টু সেনকেও ধরে নিয়ে হত্যা করা হয়েছিল।
জবানবন্দি শেষে শিবু দাসকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে এ মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী সুনীল কান্তি বর্মণকে জেরা শেষ করে আসামিপক্ষ।