‘মুই পোলারে রিকশা চালাইতে দিমু না’
অসুস্থ রেহেনা আক্তার অ্যাপেন্ডিক্সের ব্যথায় কাঁতরাচ্ছিলেন। তাঁর চোখের কোনায় জমে ওঠে আনন্দাশ্রু। আধোকান্না আর ভারী গলায় তিনি বারবার বলছিলেন, ‘আমার সংসার আর অনাথ পোলার যারা উপকার করল, আল্লায় যেন তাগো ভালো রাখে।’ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘মুই পোলারে পড়ামু, আর ওরে রিকশা চালাইতে দিমু না।’ মায়ের কথা শুনে পাশে ছেলে রাব্বির চোখও ছলছল করছিল। গতকাল রোববার সকালে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে রাব্বির মায়ের হাতে সহায়তার সাড়ে ১২ হাজার টাকা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন এই সহায়তার অর্থ তুলে দেন।প্রথম আলোর খোলা কলম বিভাগে গত ২৬ আগস্ট প্রকাশিত ‘সোনালি শৈশব শুধুই স্বপ্ন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বরগুনার চতুর্থ শ্রেণীর ছাত্র রাব্বির বিদ্যালয় ছুটির পর রিকশা চালিয়ে অসুস্থ মায়ের চিকিৎসা ও সংসারের ভরণপোষণের খরচ মেটানোর মর্মস্পর্শী বর্ণনা পড়ে ঢাকার দুজন এবং রাজশাহীর একজন পাঠক সাড়ে ১২ হাজার টাকার সহায়তা পাঠান। এর মধ্যে ১০ হাজার টাকা দেওয়া হয় রিকশা কিনতে বেসরকারি সংস্থার কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের জন্য। বাকি অর্থ দেওয়া হয় ঈদের খরচ মেটানোর জন্য। বরগুনা শহরের উপকণ্ঠে বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বেলাল হোসেন ওরফে রাব্বি বলে, ‘আমি পড়াশোনা করতে চাই। আমার মায়ের চিকিৎসা ও সংসারের আয় করার মতো একটা ব্যবস্থা হলে আমি আর রিকশা চালাব না।’