'মুঈনুদ্দীন আলবদরের অপারেশন ইনচার্জ, আশরাফুজ্জামান প্রধান জল্লাদ ছিলেন'
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিত্সক ফারজানা চৌধুরী (৪৫)। তিনি শহীদ চিকিত্সক আলীম চৌধুরী ও শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর বড় মেয়ে।
জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে তাঁর বাবা শহীদ চিকিত্সক আলীম চৌধুরীকে আলবদররা ধরে নিয়ে হত্যা করেছে। পরে তিনি মা ও অন্যদের কাছে শোনেন এবং বিভিন্ন মাধ্যম থেকে জানেন, একাত্তরে নিজামী ও মুজাহিদের নেতৃত্বে আলবদররা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যার পরিকল্পনা করে, যার অপারেশন ইনচার্জ ছিল মুঈনুদ্দীন আর প্রধান জল্লাদ ছিল আশরাফুজ্জামান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফারজানা চৌধুরীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে ফারজানা চৌধুরী বলেন, তাঁর বাবা ছাত্রজীবন থেকে প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি, শহীদ চিকিত্সক ফজলে রাব্বীসহ কয়েকজন চিকিত্সক মিলে একটি গোপন হাসপাতাল পরিচালনা করতেন। এ সময় তাঁরা ২৯/১ পুরানা পল্টনের একটি বাসায় ভাড়া থাকতেন। এ সময় তাঁর বয়স ছিল তিন বছর আর তাঁর ছোট বোন নুজহাত চৌধুরী তাঁর চেয়ে এক বছরের ছোট ছিল। তাঁরা বড় হওয়ার পরে মা, নানি এবং বাবার দুই সহকারী হাকিম ও মোমিনের কাছে একাত্তরে তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার কথা বিস্তারিত জানেন।
ফারজানা চৌধুরী বলেন, একাত্তরের ১৫ ডিসেম্বর বিকেল চারটার দিকে তাঁর বাবা ও মা দোতলার বারান্দায় বসে ছিলেন। এ সময় একটি কাদা মাখানো মাইক্রোবাস থামলে সেখান থেকে দুজন অস্ত্রধারী তাঁদের বাসার নিচে আলবদরের সংগঠক মাওলানা মান্নানের বাসায় আসেন। আনুমানিক ৩০ মিনিট পর তাঁদের বাড়ির দরজায় কল বেলে শব্দ হয় এবং দরজায় লাথি মেরে দরজা খুলতে বলা হয়। এ সময় তাঁর বাবা বাড়ির ভেতর দিয়ে একটি গোপন সিঁড়ি দিয়ে মাওলানা মান্নানের বাসায় গিয়ে দরজা খুলতে বলেন। মান্নান ভেতর থেকে তাঁর বাবাকে বলেন, ‘আমি আছি, আপনি যান।’ ইতিমধ্যে তাঁর বাবা এসে দেখেন চেম্বারের দুই সহকারী হাকিম ও মমিন দরজা খুলে দিয়েছে। আলবদর সদস্যরা ভেতরে ঢুকেই বলে ‘হ্যান্ডস আপ’। তাঁর বাবাকে বলে, ‘আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।’ বাবা বলেন, ‘কোথায় যেতে হবে?’ তারা আবার বলে, ‘গেলেই জানতে পারবেন।’ বাবা কাপড় পাল্টে আসতে চাইলে ওরা বলে, ‘তার আর দরকার হবে না।’ এরপর তাঁর বাবাকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁর মা মাওলানা মান্নানের কাছে গিয়ে অনেক অনুরোধ করেন। মাওলানা মান্নান তাঁকে বলেন, ‘আমার আলবদরের ছাত্ররা তাঁকে নিয়ে যাচ্ছে। তারা তো ডা. ফজলে রাব্বীকেও নিয়ে গেছে।’ এ সময় তাঁর মা জানতে চান বাবাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জবাবে মান্নান জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিত্সার জন্য সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে।
তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়ার পরে দেশ স্বাধীন হলে চারদিকে জয় বাংলা ধ্বনি পাওয়া যায়। তাঁর মা অপেক্ষায় ছিলেন, বাবা ফিরে এলে নামিয়ে ফেলা পতাকা ওড়াবেন, মায়ের অপেক্ষা শেষ হয়নি। জবানবন্দিতে ফারজানা চৌধুরী আরও বলেন, ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে তাঁর বাবার লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়। এ সময় তাঁর সারা শরীরে অসংখ্য বেয়নেটের আঘাত ছিল। তাঁকে বাবার লাশ দেখতে দেওয়া হয়নি। তাঁর ছোট বোন বাবার লাশ দেখে বলেছিল, ‘বাবার বুকে কত রক্ত, বাবা আর ফিরে আসবে না।’ এ পর্যায়ে সাক্ষী কেঁদে ফেলেন। পরে আজিমপুরের গোরস্থানে বাবাকে দাফন করা হয়। বড় হওয়ার পর তিনি তাঁর বাবাসহ বুদ্ধিজীবীদের হত্যায় কারা জড়িত ছিল, তা জানার চেষ্টা করেন। এ সময় তিনি মা, নানি, বাবার দুই সহকারীর কাছে বাবাকে অপহরণের ঘটনা শোনেন। এ ছাড়াও বুদ্ধিজীবী অপহরণের ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে, পত্রপত্রিকা, বই পড়ে ও তথ্যচিত্র দেখে জানতে পারেন, তাঁর বাবাকে আলবদররা ধরে নিয়ে হত্যা করেছে। একাত্তরে নিজামী ও মুজাহিদের নেতৃত্বে আলবদররা বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে, যার অপারেশন ইনচার্জ ছিল মুঈনুদ্দীন ও প্রধান জল্লাদ ছিল আশরাফুজ্জামান।
জবানবন্দির শেষ পর্যায়ে ফারজানা চৌধুরী বাবাসহ সব বুদ্ধিজীবীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান ও তাঁদের সংগঠন জামায়াতে ইসলামীর বিচার দাবি করেন।
জবানবন্দি শেষে ফারজানা চৌধুরীকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।
আইনজীবী মত (সাজেশন ) দেন, আপনার বাবা হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’ জেরা শেষে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।