'মুকুট' ফেরাতে মরিয়া বিএনপি ধরে রাখতে তৎপর আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার প্রথম নির্বাচনে জয়লাভ করেছিলেন বিএনপির মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী। তবে ২০১১ সালের নির্বাচনে তিনি হেরে যান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কাছে। সেই হারানো জয়ের ‘মুকুট’ ফিরে পেতে ‘মরিয়া’ বিএনপি। অন্যদিকে ‘মুকুট’ ধরে রাখতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।
দলীয় প্রার্থী কামরুল ইসলাম হোসাইনীর বিজয় নিশ্চিত করতে পৌর এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয়, চট্টগ্রাম নগর ও জেলা কমিটির নেতারা। প্রচারণায় পিছিয়ে নেই আওয়ামী লীগও। স্থানীয় নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ের নেতারাও দলীয় প্রার্থী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিমুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ চালিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বাঁশখালীর সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীও কয়েক দফা এলাকায় প্রচারণা চালিয়েছেন।
বাঁশখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালী পৌরসভার পুরোনো রাজত্ব ফিরে পেতে আমরা প্রত্যেক ভোটারের ঘরে ঘরে যাচ্ছি। ভালোই সাড়া পাচ্ছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে মেয়র পদে আবার আমাদের প্রার্থী বিজয়ী হবেন।’
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, বাঁশখালীর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মহাজনপাড়ায় গণসংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী। ভোটারের কাছে দেওয়া তাঁর প্রতিশ্রুতির তালিকায় প্রাধান্য পাচ্ছে এলাকার উন্নয়ন।
কামরুল ইসলাম হোসাইনী এ সময় বলেন, ‘এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ সহনীয় অবস্থায় আছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭৫ শতাংশ ভোট পেয়ে আমি বিজয়ী হব। আমার বিজয় ঠেকানোর জন্য কর্মী-সমর্থকদের হয়রানিসহ বিভিন্ন অপকৌশল অবলম্বন করছে আওয়ামী লীগ।’
এদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। দলীয় সূত্রমতে, দলের জয় নিশ্চিত করার জন্যই এবার প্রার্থী পরিবর্তন করা হয়েছে। বর্তমান মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরীর পরিবর্তে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিমুল হক চৌধুরীকে।
সেলিমুল হক চৌধুরী বলেন, সারা দেশে আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার চলছে, তার ইতিবাচক প্রভাব পড়ছে বাঁশখালীতেও। তাই ভোটাররা নৌকা প্রতীককে বিজয়ী করবেন।
বাঁশখালীকে ‘আদর্শ পৌরসভা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেলিমুল হক চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনের নির্বাচনী প্রচারণায় এলাকাবাসীর খুব ভালো সাড়া পেয়েছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে বাঁশখালীকে আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলব। আর প্রথম ছয় মাসের মধ্যে এলাকার রাস্তাঘাট ও নালার উন্নয়নে কাজ করব।’
বিএনপির প্রার্থীর বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সেলিমুল হক চৌধুরী বলেন, ‘ওরা (বিএনপি) জানে, সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবে না। তাই অহেতুক ও অযৌক্তিক বিভিন্ন অভিযোগ তুলছে। এগুলো ভিত্তিহীন অভিযোগ।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আচরণবিধি লঙ্ঘন: গতকাল দুপুরে সেলিমুল হক চৌধুরীর সমর্থনে পৌর সদরে মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা দলীয় প্রার্থীর সমর্থনে ও নৌকা প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
বাঁশখালী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রার্থীর সমর্থনে মিছিল বের করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
ইউএনও ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, তিনি বিষয়টি শুনেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে সেলিমুল হক চৌধুরী বলেন, ‘আমি তখন এলাকায় ছিলাম না। কারা মিছিল করছে তা আমি জানি না।’

{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেন}