জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসিকে ‘মুক্তিকামী মানুষের বিজয়’ বলে অভিহিত করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেছেন, এবারের পয়লা বৈশাখে সোহাগপুরের বিধবাপল্লিতে বিজয় উৎসব করবে গণজাগরণ মঞ্চ।
গতকাল শনিবার রাতে কামারুজ্জামানের ফাঁসির সংবাদ পাওয়ার পর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমরান সাংবাদিকদের এসব কথা বলেন। কামারুজ্জামানের ফাঁসির দাবিতে বিকেল থেকেই সেখানে গণ-অবস্থান করছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা।
সন্ধ্যার পর থেকে শাহবাগে প্রতিবাদী চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছিল। থেমে থেমেই চলছিল স্লোগান— ‘কামারুজ্জামানের ফাঁসি চাই’। রাত ৯টা ৫৫ মিনিটে মঞ্চের কর্মীরা সবাই দাঁড়িয়ে যান। অপেক্ষা করতে থাকেন ফাঁসির ঘোষণার। ফাঁসি কার্যকরের খবর এসে পৌঁছালে কর্মীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বদলে যায় স্লোগান- ‘এইমাত্র খবর এল রাজাকারের ফাঁসি হলো’, ‘হইহই রইরই, জামায়াত-শিবির গেলি কই’। সমস্বরে বলে ওঠেন—‘জয় বাংলা’, ‘জয় শাহবাগ’, ‘জয় তারুণ্য’, ‘জয় গণজাগরণ’। আনন্দের উচ্ছ্বাসে একে অপরকে জড়িয়ে ধরেন। ভি চিহ্ন প্রদর্শন করেন সবাই, দুই হাত ওপরে তুলে শুরু হয় আনন্দের বহিঃপ্রকাশ।
ইমরান এইচ সরকার বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা হত্যা-নিপীড়ন চালিয়েছে, আজকের বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই। ভবিষ্যতে এই দেশে মুক্তিযুদ্ধবিরোধী কোনো রাজনীতি চলতে দেওয়া হবে না। সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়বে এ দেশের জনতা।’
বক্তব্যের শুরুতেই ইমরান অভিনন্দন জানান দেশের ১৬ কোটি মানুষকে। তিনি বলেন, এ বিজয় দেশের মুক্তিকামী মানুষের। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।
সোহাগপুরের বিধবাপল্লিতে বিজয় উদ্যাপনের ঘোষণার পর মঞ্চের কর্মী-সংগঠকেরা একটি বিজয় মিছিল বের করেন। অনেক দিন দেখা না গেলেও কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে গণজাগরণ মঞ্চের অপর অংশটি বিজয় মিছিল করে আতশবাজি ফাটায়।