'মুক্তিপণের টাকা না পেয়ে শরীরে সিগারেটের ছ্যাঁকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ মার্চ এক প্রবাসীর স্ত্রী ও শিশুকন্যাকে অপহরণ করে অপহরণকারীরা। এরপর প্রবাসীর কাছে দাবি করে তিন লাখ টাকা মুক্তিপণ। টাকা না পেয়ে মা ও মেয়েকে দেয় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা। এরপর ওই প্রবাসীর স্ত্রীকে বিয়ে করতে তাঁকে গতকাল বুধবার আদালতে নিয়ে যায় অপহরণকারীরা।
অবশেষে গতকাল আদালত থেকে পালিয়ে স্বজনদের কাছে ফেরেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার অপহূত ওই মা-মেয়ে। এরপর থানায় হাজির হয়ে তাঁরা নির্যাতনের বর্ণনা দেন। তবে পুলিশ এখন পর্যন্ত অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
প্রবাসীর স্ত্রী ও পুলিশ জানায়, ওই দিন (গত ৩১ মার্চ) উপজেলার ঢাকইর গ্রামের সাগর হোসেন ও তাঁর সহযোগীরা ওই নারী (প্রবাসীর স্ত্রী) ও তাঁর পাঁচ বছরের মেয়েকে জিমিঞ্চ করেন। এ ঘটনায় ওই নারীর মা গত সোমবার (৭ এপ্রিল) থানায় মামলা করেন।
অপহরণকারীরা প্রথমে মা ও মেয়েকে মুক্তির জন্য প্রবাসীর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না পেয়ে ওই নারীকে বিয়ের জন্য চাপাচাপি করেন। রাজি না হওয়ায় মা ও মেয়ের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। গতকাল ওই নারীকে বিয়ের জন্য আনা হয় বগুড়ার একটি আদালতে। সেখান থেকে শিশুকন্যাকে নিয়ে পালিয়ে রক্ষা পান। এরপর আশ্রয় নেন নন্দীগ্রাম থানা পুলিশের কাছে।
ওই নারী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মুক্তিপণের জন্য তারা (অপহরণকারী) আমার ও আমার মেয়ের শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। টাকার জন্য স্বামীকে রাজি করাতে আমাকে নির্মম নির্যাতন করেছে। তাতেও ব্যর্থ হয়ে সন্তানকে খুন করার ভয় দেখিয়ে বিয়ের জন্য চাপ দিয়েছে। সন্তানকে জিমিঞ্চ করে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে তারা আদালত পর্যন্ত আসতে বাধ্য করেছে। এরপর কৌশলে আমি মেয়েকে নিয়ে পালিয়ে তাদের হাত থেকে মুক্তি পেয়েছি।’
নন্দীগ্রাম থানার ওসি শাহজাহান আলী জানান, মুক্তি পেয়ে থানায় এসে ওই নারী নির্যাতনের বর্ণনা দিয়েছেন। অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।