'মুক্তিপণ' নিয়ে অপহৃত তিনজনকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ভিলেজারপাড়া থেকে অপহৃত তিন ব্যক্তিকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্গম পাহাড়ি অঞ্চল খুটাখালী ইউনিয়নের কালারপাড়া এলাকায় তাঁদের ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
পুলিশের দাবি, অভিযানের মুখে দুর্বৃত্তরা অপহৃত তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে অপহৃত ব্যক্তিদের পরিবারের দাবি, ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাঁরা তিনজনকে ছাড়িয়ে এনেছেন। অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পাওয়া তিনজন হলেন জিয়াবুল ইসলাম, জয়নাল উদ্দিন ও হেলাল উদ্দিন।
গত রোববার দিবাগত রাত দুইটার দিকে ভিলেজারপাড়া এলাকার তিন ব্যক্তিকে অপহরণ করে ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত। পরে একই এলাকার দুটি বাড়িতে ডাকাতি ও পাশের আরেক বাড়িতে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
অপহৃতদের পরিবার সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পাহাড়ি অঞ্চল খুটাখালীর কালারপাড়ার দিকে রয়ানা দেন জিয়াবুলের বাবা কবির হোসেন ও হেলালের বাবা মিলন মুন্সী। রাত ১০টার দিকে তাঁরা কালারপাড়ায় পৌঁছে নির্দিষ্ট স্থানে টাকা রেখে আসেন। পরে দুর্বৃত্তরা তিন অপহৃতকে ছেড়ে দেয়।
কবির হোসেন ও মিলন মুন্সী বলেন, অপহরণের পর থেকে দুর্বৃত্তরা মুক্তিপণ দাবি করে আসছিল। প্রথমে ছয় লাখ টাকা দাবি করলেও শেষ পর্যন্ত ১ লাখ ৮০ হাজারে রাজি হয় তারা। এর মধ্যে জিয়াবুলের জন্য ১ লাখ এবং জয়নাল ও হেলালের জন্য ৮০ হাজার টাকা দিতে হয়।
অপহরণকারীদের হাত থেকে ফিরে আসা একজন বলেন, ‘তুলে নিয়ে যাওয়ার পর দুর্বৃত্তরা আমাদের মারধর করেছে। মারধরের শব্দ মুঠোফোনে পরিবারের কাছে শোনায় তারা। সোমবার রাত ১১টার দিকে একজন এসে বলেছে, তোদের ছেড়ে দেওয়া হয়েছে, তোরা চলে যা।’
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘পুলিশের অভিযানের মুখে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় দুর্বৃত্তরা। এখানে মুক্তিপণের প্রশ্ন আসছে কেন? তারা (অপহৃতদের পরিবার) আমাদের এ বিষয়ে কিছুই জানায়নি। এ ছাড়া তারা এ ঘটনায় কোনো মামলাও করবে না বলেছে।’