'মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন' প্রণয়ন শুরু
একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের কাজ শুরু করেছে আইন কমিশন। একই সঙ্গে ‘মুক্তিযুদ্ধের ভিকটিমদের ক্ষতিপূরণ আইন’ করার বিষয়টিও কমিশন বিবেচনা করছে বলে জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
গতকাল বুধবার আইন কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে বৈঠক শেষে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সাংবাদিকদের এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, প্রথমটার ব্যাপারে আইন কমিশন বলেছে যে ইতিমধ্যেই তারা কাজ শুরু করে দিয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে। আর দ্বিতীয়টা তারা বিবেচনা করবে।
শাহরিয়ার কবির আরও বলেন, ইউরোপে হলোকাস্ট ডিন্যায়াল অ্যাক্ট আছে। হলোকাস্টকে কেউ চ্যালেঞ্জ করলে বা মিনিমাইজ করলে শাস্তি পেতে হবে। বাংলাদেশে শুধু গণহত্যা না, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে। স্বাধীনতার ঘোষণাপত্রকে অস্বীকার করা হচ্ছে। সে জন্য মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করার কথা বলা হচ্ছে।
বৈঠকে আইন কমিশনের সদস্য সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবির, অধ্যাপক এম শাহ আলম ছাড়াও নির্মূল কমিটির অন্যতম উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সহসভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাধারণ সম্পাদক কাজী মুকুল ও আইন সম্পাদক তুরিন আফরোজ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের ভিকটিমদের ক্ষতিপূরণ আইন সম্পর্কে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইন না থাকার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজাপ্রাপ্তদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারেননি।
৪৪ বছরে শহীদ পরিবারগুলোকে যে দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তার বিচার হয়নি। শহীদ পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।