'মুক্তিযুদ্ধ করেও এই বয়সে মানুষের বাড়ি কাম করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাক বাহিনী আমারে ধরে নিয়ে গেছে। আমার সামনে স্বামীরে মেরে ফেলছে। আমারে অত্যাচার করছে। মানুষ আমারে ঘিন্না করে। মুক্তিযুদ্ধ করেও এই বয়সে মানুষের বাড়ি কাম করি। আমার দুঃখে গাছের পাতা কান্দে। কিন্তু আমি কোনো ভাতা, কোনো সাহায্য-সহযোগিতা পাই না।’

এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বীর নারী হিসেবে সম্মাননা পাওয়া জ্ঞানোবালা বর্মণী। তাঁর কান্নার সময় উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যেও অনেককে চোখ মুছতে দেখা যায়।

আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি কমপ্লেক্সে ‘বীর নারী সম্মাননা-২০১৭ প্রদান ও তাঁদের মুখে মুক্তিযুদ্ধের কথা’ শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণা করতে গিয়ে জ্ঞানোবালা আবেগতাড়িত হয়ে পড়েন। তৃতীয়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করে ৭১ ফাউন্ডেশন।

মুক্তিযুদ্ধে নানাভাবে অবদানের জন্য ১১ বীর নারীকে সম্মাননা দেওয়া হয় এই অনুষ্ঠানে। তাঁরা হলেন বীরপ্রতীক তারামন বিবি, নোরা শরিফ (মরণোত্তর), আইভি রহমান (মরণোত্তর), নুরজাহান কাঁকন বিবি, জ্ঞানোবালা বর্মণী, জিনাত সুলতানা আঁখি, শাহিন সামাদ, বুলবুল মহলানবিশ, সৈয়দা ওবায়দুন নাহার, যোগমায়া মালো ও সারাহ বানু শুচি। আইভি রহমানের পক্ষে সম্মাননা নেন তাঁর মেয়ে তানিয়া রহমান বখত।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারীরা বক্তৃতায় স্মৃতিচারণা করেন। নানাভাবে তাঁরা যুদ্ধে সহযোগিতা করেছেন। কেউ সরাসরি অংশগ্রহণ করেছেন। কেউ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন, আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে নদী সাঁতরে পাকিস্তানি বাহিনীর খবর মুক্তিবাহিনীর শিবিরে পৌঁছেছেন। কিন্তু তাঁদের বেশির ভাগের মেলেনি মুক্তিযোদ্ধার খেতাব। মেলেনি প্রাপ্য সম্মান। তাঁদের অনেকেরই শেষ ইচ্ছা—মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া।

কলকাতার গোবরা ক্যাম্পে অস্ত্র পরিচালনার ট্রেনিং নেন সারাহ বানু শুচি। তিনি অনুষ্ঠানে বলেন, ‘ইন্দিরা গান্ধী আমাদের বলেছিলেন, আমরা তোমাদের খাদ্য দেব। উত্তরে আমরা বলেছি, আমরা খাবার চাই না, অস্ত্র চাই।’

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণা করে বলেন, অনেক নিষ্ঠুরতা, নির্যাতন সহ্য করে নারীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কেউ রাইফেল হাতে সরাসরি যুদ্ধ করেছেন। এ নারীরাই বাংলাদেশের গর্ব। আগামী প্রজন্মও তাঁদের নিয়ে গর্ব করবে। তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম মুক্তিযুদ্ধে অবদান রাখা নারীদের স্বীকৃতির বিষয়টি সরকারকে গুরুত্বসহকারে ভাবার অনুরোধ করেন।

অনুষ্ঠানে খালেদ শওকত আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শওকত আলী, ৭১ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জেবুন্নাহার।