‘মুক্তিযুদ্ধ করেছিলাম দেশ বাঁচাতে এখন...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধ করেছিলাম দেশ বাঁচানোর জন্য, আর এখন অনেক মুক্তিযোদ্ধাকে ভিক্ষা করতে হচ্ছে জীবন বাঁচাতে। সে সময় নিজের জীবনের কথা না ভেবে দেশের মানুষকে একটি স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তাই এখন ঘুষ না দেওয়ার কারণে পাচ্ছি না মুক্তিযোদ্ধা ভাতাও। টাকার অভাবে নিজের চিকিৎসা করাতে পারছি না।’কথাগুলো মুক্তিযোদ্ধা আবদুল খালিকের। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মধ্যনগর গ্রামের মরহুম ছমির উদ্দিনের ছেলে। ৩০ বছর বয়সে আবদুল খালিক মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতের মেঘালয় থেকে প্রশিক্ষণ নেন। এরপর দেশে ফিরে মেজর আবদুল মোতালেবের নেতৃত্বে সুনামগঞ্জের মঙ্গলকাটার উলাকান্দা এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।বর্তমানে আবদুল খালিক জীবন বাঁচানোর যুদ্ধে ভিক্ষা করছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বাজারে, গ্রামে-গ্রামে। বাস করছেন উপজেলার একটি কলোনিতে। সংসারে অভাব-অনটন লেগে থাকার কারণে এবং বেঁচে থাকার তাগিদেই তাঁর ভিক্ষায় জড়িয়ে পড়া। আবদুল খালিক আরও জানান, দেশ স্বাধীনের পর মুক্তিবার্তার এক গেজেটে তাঁর নাম (নম্বর ০৫০২১০০০২০) প্রকাশিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলও তাঁকে একটি পরিচয়পত্র দিয়েছে, যার নম্বর ১১৩৫২। বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি কর্তৃক আবদুল খালিককে প্রদত্ত সনদ নম্বর ৬৬৭৮। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে হারিয়েছি সহায়-সম্বল। বর্তমানে প্যারালাইসিস রোগে আক্রান্ত।’ তাই তিনি মুক্তিযোদ্ধা ভাতা ও সুচিকিৎসা পেতে কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ।এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে যাঁরাই আসছেন, তাঁদেরই সাহায্য করছি। উনি (আবদুল খালিক) কখনো আমার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেননি। আমার সঙ্গে যোগাযোগ করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’