'মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাঁটি এক মাইল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাঁটি এক মাইল’—শীর্ষক পদযাত্রা আজ শনিবার সকাল ছয়টার দিকে শুরু হয়েছে। ‘শোক থেকে শক্তি অদম্য পদযাত্রা’—এই স্লোগান নিয়ে এতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ। মুক্তিযুদ্ধের গান, স্বাধীন বাংলা বেতারের গান গেয়ে তাঁরা স্মরণ করছেন সে সময়কে। নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছেন স্বাধীনতার চেতনা।

মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ৩৬ মাইল রাস্তায় এই পদযাত্রা হবে। এই ৩৬ মাইলের যাত্রায় প্রতীকী হিসেবে প্রত্যেকে এক মাইল হাঁটতে পারেন। কেউ ইচ্ছে করলে বেশিও হাঁটতে পারেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে এই পদযাত্রায় সহযোগী হিসেবে আছে অভিযাত্রী নামের একটি সংগঠন।

পদযাত্রা অনুষ্ঠানে শহীদ মিনারে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি মফিদুল হক ও অভিযাত্রীর ইনাম আল হক। তাঁরা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চে ঢাকার দৃশ্য ছিল অন্যরকম। ঢাকা শহরে সেদিন ছিল কারফিউ। ঢাকা তখন একটি হত্যাযজ্ঞ, বধ্যভূমিতে পরিণত হয়। আজ আমরা সেই স্মৃতিবিজড়িত শহীদ মিনারে। এখান থেকে যাব স্মৃতিসৌধে। পথে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে থামবেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। এসব জায়গায় সে সময়ের কথা স্মরণ করা হবে। আলোচনা হবে। মূলত নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। যাতে নতুন প্রজন্ম শোকের মধ্য থেকে শক্তি সঞ্চয় করে আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে পারে।

শহীদ মিনারে বক্তব্যের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গান গেয়ে যাত্রা শুরু হয়। পৌনে সাতটার দিকে শহীদ মিনার থেকে জগন্নাথ হলের স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শামসুন্নাহার হলে নীরবতা পালন করা হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে স্মৃতিসৌধে স্মৃতিচারণা হয়। সকাল আটটার দিকে পদযাত্রা আসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার পর পদযাত্রা যায় আসাদ গেটে। আসাদ গেট থেকে রওনা দিয়ে পদযাত্রাটি সাড়ে আটটার দিকে শ্যামলী শিশুপল্লিতে যায়। সেখান থেকে পদযাত্রা যাবে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খাগাইন ক্যাম্পাস ও বিশমাইল বাসস্ট্যান্ডে যাবে। সেখান থেকে সাভারের উদ্দেশে রওনা হবে। বিকেল সাড়ে পাঁচটার দিকে পদযাত্রাটি সাভারে পৌঁছানোর কথা।

পদযাত্রায় প্রত্যেক পয়েন্টে নতুন নতুন অনেকে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন: