'মুক্তিযুদ্ধ দেখিনি, এখানে এলে মনটা ভরে যায়'

স্বাধীনতা অর্জনের বহু বছর পর রিনির জন্ম। তবে বাবা-চাচাদের কাছ থেকে স্বাধীনতাযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা শুনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে রিনি। মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও জানতে তাই ছুটে আসে যুদ্ধের দিনগুলো নিয়ে লেখা বই, ছবি আর পত্রিকা দেখতে।
চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রিনি চৌধুরী বলে, ‘মুক্তিযুদ্ধ দেখিনি, এখানে আসলে মনটা ভরে যায়। বাবা-চাচাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনলে ছুটে আসতে ইচ্ছে করে। তাই বারবার ছুটে আসি এখানে।’
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা ‘মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর’-এ আজ শনিবার মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মরণিকা দেখতে দেখতে এ কথা বলছিল রিনি চৌধুরী।
একই রকম আবেগের কথা জানাল চৌধুরী আবদুল হামিদ একাডেমির দশম শ্রেণির ছাত্র সোহানুজ্জামান মিয়া ও সজীব মৃধা। তারা বলে, ‘এর আগেও কয়েকবার এখানে এসেছি। তারপরও বিশেষ দিনগুলোতে থাকতে পারি না। স্কুলের বন্ধুদের সঙ্গে তাই আজও এসেছি জাদুঘর দেখতে।’
দেশের গৌরবময় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠতে ও প্রেরণা জোগাতে ব্যক্তি উদ্যোগে এ জাদুঘর গড়ে তোলা হয়েছে। উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামে এর অবস্থান। ২০০৯ সালে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস।
২০০৯ সালের ১৯ মে আড়াই শতাংশ জমির ওপর একটি চৌচালা টিনশেড ঘরে জাদুঘর স্থাপনের কাজ শুরু হয়। ২০১৩ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন গোয়ালন্দ অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ফকীর আবদুল জব্বার।
সপ্তাহের প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জাদুঘর উন্মুক্ত থাকে। ঘরের দেয়ালে ঠাঁই পেয়েছে রাজবাড়ী ও গোয়ালন্দের স্বাধীনতাসংগ্রাম, জেলার মুক্তিযোদ্ধাদের পরিচিতিমূলক ছবি, মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারকসহ ভারতের কল্যাণী ক্যাম্পের কিছু দুর্লভ ছবি, বঙ্গবন্ধুর মুক্তিসংগ্রামের আহ্বান, পাকিস্তানি সেনাপতির আত্মসমর্পণের ছবি, যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ, সংবাদপত্রে প্রকাশিত যুদ্ধের ইতিহাস ও তথ্যভিত্তিক প্রতিবেদনের কপি, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কিছু উপকরণসহ পাঁচ শর বেশি আলোকচিত্র।

প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা গিয়াস প্রথম আলোকে বলেন, ‘অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলতে বসেছে। তাই নতুন প্রজন্মকে জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে পারিবারিক উঠানেই জাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু করি।’ তিনি আরও বলেন, জাদুঘরটি পরিদর্শনে কোনো প্রবেশ ফি লাগে না। এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৯৩০ জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন শেষে খাতায় মন্তব্য প্রকাশ করেছে।
মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ বলেন, ‘দেশ স্বাধীনের পর আমাদের সবাই ভুলতে বসেছিল। অথচ গোলাম মোস্তফা এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় এখন নতুন প্রজন্মের কাছেও আমরা অনেক দিন বেঁচে থাকব।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুস সামাদ মোল্লা বলেন, ‘গোলাম মোস্তফার মতো দেশের বিভিন্ন স্থানে থাকা মুক্তিযোদ্ধা ভাইদেরও বলব এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবে।’
আজ ২৫ মার্চ দেশে প্রথমবারের মতো পালন করা হচ্ছে গণহত্যা দিবস। এ দিবস পালন উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর’-এ স্মৃতিচারণামূলক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা গিয়াস, ছোটভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র রায়, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি গণেশ চন্দ্র পাল প্রমুখ।
বক্তারা জাদুঘরে স্বাধীনতাবিরোধীদের নামের তালিকা রাখার দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা আবদুল গফুর, মোস্তাক আহমেদ, ফজলুল হক চৌধুরী, আবদুল আজিজ, আফজাল হোসেন, বরাট ভাকলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল দত্ত, চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়বুর রহমান, তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজু শেখ, চৌধুরী আবদুল হামিদ একাডেমির শিক্ষক আবু সাঈদ হাওলাদার প্রমুখ।