'মুক্তিযুদ্ধ পরিপূর্ণ জনযুদ্ধ ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, মুক্তিযুদ্ধ একটি পরিপূর্ণ জনযুদ্ধ ছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বিজয় মঞ্চে স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় স্মৃতিচারণা অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আলোচক ছিলেন কলামিস্ট ফজলুল হক।

ভূমিমন্ত্রী আরও বলেন, একাত্তরে মুক্তিযোদ্ধাদের অস্ত্র বলতে সাধারণ কিছু রাইফেল, বন্দুক ও হাতবোমা ছিল। তারপরও মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে মিত্রবাহিনীর সহযোগিতায় সহজে পরাজিত করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বলেন, ‘মার্চের শুরু থেকে বুঝে গিয়েছিলাম স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে। এ জন্য সবার কাছে ধরনা দিয়েছিলাম। কেউই আমাদের বিমুখ করেননি।’

ভূমিমন্ত্রী বলেন, ‘গুটি কয়েক মীর জাফর ছাড়া তরুণ-যুবক, আবালবৃদ্ধবনিতা মুক্তিযোদ্ধাদের পাশে থেকে নির্ভয়ে সাহায্য-সহযোগিতা করেছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ নির্মমতা সত্ত্বেও বাঙালি বীর জনতা সাহস জুগিয়েছে। সেদিন বঙ্গবন্ধু স্বাধীনতার প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল এবং এই লড়াই পরিপূর্ণ জনযুদ্ধে রূপ নেয়।’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন সুখের মুখ দেখছে। আমরা যখন সংখ্যায় সাড়ে সাত কোটি ছিলাম তখনো অনেকে না খেয়ে থাকতেন। আজ আমরা ১৭ কোটি মানুষ। কিন্তু খাদ্য, শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, শিল্প সব ক্ষেত্রেই সমৃদ্ধির সুফল ভোগ করছি। এই অর্জনকে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’