'মুক্তিযুদ্ধকে অস্বীকার করা খুনিদের আসল উদ্দেশ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে গতকাল জঙ্গিবিরোধী সমাবেশ হয়। পরে একটি শোভাযাত্রা শহর প্রশিক্ষণ করে l ছবি: প্রথম আলো
দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে গতকাল জঙ্গিবিরোধী সমাবেশ হয়। পরে একটি শোভাযাত্রা শহর প্রশিক্ষণ করে l ছবি: প্রথম আলো

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁসহ সারা দেশে জঙ্গি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, খুনিদের আসল উদ্দেশ্য ইসলাম রক্ষা নয়, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুরে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী বিশাল সমাবেশে এ মন্তব্য করেন।

গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে এই সমাবেশ হয়। এতে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের সৃজনশীল বই পড়ার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশটা কীভাবে হলো, কী কারণে মুক্তিযুদ্ধ হলো, কারা যুদ্ধ করে দেশ স্বাধীন করল এবং কারা বিরোধিতা করেছিল। সেই ইতিহাস তোমাদের অবশ্যই জানতে হবে।’

বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামে হত্যা, সন্ত্রাস ও নির্যাতন নিষিদ্ধ। ইসলামের দোহাই তুলে জঙ্গিরা বিশেষ করে কোমলমতি কিশোর ও তরুণদের বিভ্রান্ত করছে।’

পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ইসলাম রক্ষার নামে এ কী ধরনের মতবাদ, যা সন্তানকে তার মাকে খুন করতে উদ্বুদ্ধ করে? কোনো সভ্য সমাজ এ ধরনের মতবাদকে সমর্থন করতে পারে না। জেলা পরিষদের প্রশাসক ও জেলা ১৪ দলের সমন্বয়ক আজিজুল ইমাম চৌধুরী বলেন, পরাজয়ের গ্লানি সইতে না পেরে ’৭১-এর পরাজিত শত্রুরা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সারা দেশে জঙ্গিবাদ কায়েমের চেষ্টা করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাকির হোসেন বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ একটি বড় চ্যালেঞ্জ। সবার ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া এই অপশক্তিকে নির্মূল করা সম্ভব নয়।

জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ প্রতিরোধ জেলা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ আবদুল লতিফ, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ।

সমাবেশ শেষে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা: নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে দুপুর ১২টায় দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা বের করা হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রাটি আফতাবগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে। পরে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে আসে। পরে সেখানে সমাবেশ হয়।’

বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও মো. বজলুর রশীদ, কলেজের অধ্যক্ষ মো. শহিদুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে বেলা দুইটার দিকে কলেজের শিক্ষার্থীরা ছি ছি থু থু নামে জঙ্গিবাদবিরোধী নাটিকা মঞ্চস্থ করেন।