'মুক্তিযুদ্ধে বন্দর' বইয়ের মোড়ক উন্মোচন
নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধে বন্দর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার একটি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান বইটির মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম ওসমান মক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বই রচনার জন্য লেখকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বইটি নারায়ণগঞ্জের প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।
মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বইটির রচয়িতা অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) সামসুল আলম (বীর উত্তম), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কায়কোবাদ হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের প্রমুখ।
এ কে এম শাহনাওয়াজ বলেন, ‘আঞ্চলিক ইতিহাস তৈরি না হলে জাতীয় ইতিহাস রচনা সম্ভব নয়। আমি নারায়ণগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস লিখব। তাই মুক্তিযুদ্ধে বন্দর আমার একটি প্রাথমিক প্রচেষ্টা, যা পূর্ণাঙ্গ নয়। ভবিষ্যতে তথ্য সংগ্রহ করে সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব।’