'মুক্তিযুদ্ধের পক্ষ ও হিন্দুদের খতমের নির্দেশ দেন ইউসুফ'
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী নাসির উদ্দিন আহমেদ মল্লিক (৬৭)।
জবানবন্দিতে নাসির উদ্দিন আহমেদ মল্লিক বলেন, ইউসুফ একাত্তরে মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধের পক্ষের লোক ও হিন্দুদের খতম করার নির্দেশ দেন। তিনি রাজাকারদের প্রশিক্ষণ দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নাসির উদ্দিন আহমেদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে নাসির উদ্দিন বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামে।
একাত্তরে তাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পরে ইউসুফ অনেককে খুলনায় নিয়ে রাজাকারের প্রশিক্ষণ দেন। ইউসুফ খুলনায় শান্তি কমিটি গঠন করেন এবং এর চেয়ারম্যান ছিলেন। একাত্তরের ১৩ মে তাঁরা মোরেলগঞ্জের বাড়াইখালী রাজাকার ক্যাম্পে আক্রমণ করেন। প্রায় তিন ঘণ্টা গোলাগুলির পর ১৫-২০ জন রাজাকার ও পাকিস্তানি সেনা নিয়ে ইউসুফ গানবোটে করে ঘটনাস্থলে এসে গুলি চালালে মুক্তিযোদ্ধারা পিছু হটেন। এ সময় তাঁদের সহযোদ্ধা আবু বকর আহত থাকায় তিনি পালাতে না পেরে পার্শ্ববর্তী রমজান কাজীর বাড়িতে লুকিয়ে থাকেন। সেখান থেকে রাজাকাররা আবু বকরকে ধরে রাজাকার ক্যাম্পে নিয়ে আসে। পরে ইউসুফের নির্দেশে রাজাকাররা আবু বকরকে গুলি করে হত্যা করে। ১৭ মে ইউসুফের নির্দেশে রাজাকাররা মোরেলগঞ্জ বাজারে ৪০০-৫০০ দোকানে লুটপাটের পর অগ্নিসংযোগ করে।
রাষ্ট্রপক্ষের এ সাক্ষী বলেন, একাত্তরের ১৯ মে রাতে ইউসুফ গানবোটে মোরেলগঞ্জ বাজারে আসার পথে চার রাস্তার মোড়ে বক্তৃতায় তিনি মুক্তিযুদ্ধের পক্ষের ও হিন্দুদের খতম করতে বলেন। এরপর শান্তি রঞ্জন, সত্য রঞ্জন, কেশব চন্দ্রকে গুলি করে হত্যা করা হয়। অমর দাশ ও পীযূষ কান্তি পালিয়ে বাঁচেন। মুক্তিযুদ্ধকালে ৫ জুলাই ইউসুফের নির্দেশে তাঁদের এলাকার সমাজসেবক ও চিকিত্সক আবদুল মজিদকে রাজাকাররা গুলি করে হত্যা করে।
জবানবন্দিতে নাসির উদ্দিন আরও বলেন, ইউসুফ পূর্ব পাকিস্তানের মন্ত্রী এবং ক্ষমতাশালী ছিলেন। জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন। এর আগে গত ৫ সেপ্টেম্বর এই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী লিয়াকত আলী খানও প্রায় একই ধরনের সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দি শেষে নাসির উদ্দিনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী সাইফুর রহমান। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।