মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
'মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের খতমের নির্দেশ দেন ইউসুফ'

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী নাসির উদ্দিন আহমেদ মল্লিক (৬৭)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে ইউসুফ মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ও হিন্দুদের খতম করার নির্দেশ দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নাসির উদ্দিন আহমেদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে নাসির উদ্দিন বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামে। একাত্তরে তাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেন। সে সময় ইউসুফ অনেককে খুলনায় নিয়ে রাজাকারের প্রশিক্ষণ দেন, খুলনায় শান্তি কমিটি গঠন করেন এবং এর চেয়ারম্যান ছিলেন। একাত্তরের ১৩ মে তাঁরা মোরেলগঞ্জের বাড়াইখালী রাজাকার ক্যাম্পে আক্রমণ করেন। প্রায় তিন ঘণ্টার গোলাগুলির পর ১৫-২০ জন রাজাকার ও পাকিস্তানি সেনা নিয়ে ইউসুফ গানবোটে করে ঘটনাস্থলে এসে গানবোট থেকে গুলি চালালে মুক্তিযোদ্ধারা পিছু হটেন। এ সময় তাঁদের সহযোদ্ধা আবু বকর আহত হওয়ায় তিনি পালাতে না পেরে পার্শ্ববর্তী রমজান কাজীর বাড়িতে লুকান। সেখান থেকে রাজাকাররা আবু বকরকে ধরে রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। পরে ইউসুফের নির্দেশে রাজাকাররা তাঁকে গুলি করে হত্যা করে। ১৭ মে ইউসুফের নির্দেশে রাজাকাররা মোরেলগঞ্জ বাজারে ৪০০ থেকে ৫০০ দোকান লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১৯ মে রাতে ইউসুফ মোরেলগঞ্জ বাজারে আসার পথে চার রাস্তার মোড়ে দেওয়া বক্তব্যে মুক্তিযুদ্ধের পক্ষের লোক ও হিন্দুদের খতম করতে বলেন। ওই বক্তব্যের পর মোরেলগঞ্জে রাজাকাররা শান্তিরঞ্জন, সত্যরঞ্জন, কেশব চন্দ্রকে গুলি করে হত্যা করে। অমর দাশ ও পীযূষ কান্তি পালিয়ে বাঁচেন। ৫ জুলাই ইউসুফের নির্দেশে তাঁদের এলাকার সমাজসেবক ও চিকিৎসক আবদুল মজিদকে রাজাকাররা গুলি করে হত্যা করে।
জবানবন্দিতে নাসির উদ্দিন আরও বলেন, ইউসুফ পূর্ব পাকিস্তানের মন্ত্রী এবং ক্ষমতাশালী ছিলেন। সাক্ষী জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন। গত ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী লিয়াকত আলী খানও জবানবন্দিতে প্রায় একই রকম বক্তব্য দিয়েছিলেন।
জবানবন্দি শেষে নাসির উদ্দিনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী সাইফুর রহমান। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।