চট্টগ্রামে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিকভাবে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের ঘটনা মোকাবিলা করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ‘সাম্প্রদায়িকতাবিরোধী গণসম্মিলন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে। জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান বলেন, ‘অনেক মুক্তিযোদ্ধা স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করেছেন। তাঁরা এই অপশক্তিকে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দিয়েছেন।’
ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘এখন সোজা ভাষায় সোজা কথা বলার সময় এসেছে। আমরা সাম্প্রদায়িক উপাদানগুলো নির্মূল করেছি বলে মনে করেছিলাম। তা তো হয়ইনি, বরং এসব উপাদান প্রভাব ফেলছে।’
গণসম্মিলনের উদ্বোধন করেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, মুক্তিযোদ্ধা, গবেষক মাহফুজুর রহমান ও এ কে এম নাসিমুল কালাম, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, আবৃত্তি শিল্পী রণজিৎ রক্ষিত, শিক্ষকনেতা লকিয়ত উল্লাহ, সাংবাদিক রিয়াজ হায়দার, সীমান্ত তালুকদার প্রমুখ। সম্মিলনের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সমন্বয়কারী শওকত বাঙালি।