'মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়া দুঃখজনক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সার্কিট হাউসে গতকাল মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান l প্রথম আলো
চট্টগ্রাম সার্কিট হাউসে গতকাল মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান l প্রথম আলো

স্বাধীনতার ৪৫ বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়া দুঃখজনক। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার উদ্যোগ নিয়েছে। এই তালিকা যাতে সঠিক হয়, সে জন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখতে হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা সংসদের নেতারা এ কথা বলেন।

মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ডের নেতাদের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রমের এ মতবিনিময় হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে হেলাল মোর্শেদ খান বলেন, যখন যে সরকার এসেছে, তারাই একটি মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন করার চেষ্টা করেছে। কিন্তু কোনো তালিকাই শেষ করে যায়নি। যার ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা হতাশ এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা সঠিকভাবে প্রস্তুত করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, সঠিক মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মন্ত্রণালয়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা-উপজেলা কমান্ড নেতাদের সক্রিয় অংশগ্রহণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে তালিকাভুক্ত হয়ে সরকারি স্বীকৃতি লাভ করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এস এম মর্তুজা হোসাইন, জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার এ কে এম সরওয়ার কামাল, মহানগর ডেপুটি কমান্ডার সৈয়দুল হক চৌধুরী প্রমুখ।