'মুক্তিযোদ্ধা, রাজাকারকে এক পাল্লায় মাপবেন না'

জেলা প্রশাসকদের সংবিধান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বপালনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন, ‘নিরপেক্ষতা বা ভারসাম্যের নীতি রক্ষা করতে গিয়ে ভালো আর মন্দকে, মুক্তিযোদ্ধা আর রাজাকারকে এক পাল্লায় মাপবেন না।’
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের সঙ্গে তাঁদের সম্মেলনের অংশ হিসেবে তথ্য মন্ত্রণালয়ের নির্ধারিত বৈঠকে মন্ত্রী এ আহ্বান জানান। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ঢাকায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন আজ শেষ দিন।
মন্ত্রী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে দেশের স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে দেশব্যাপী জাগরণযাত্রার কথা ঘোষণা করে এর প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের আহ্বান জানান। মহান ভাষা ও স্বাধীনতা সংগ্রামসহ দেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের যে স্মারক ও স্মৃতি দেশব্যাপী বিস্তৃত রয়েছে, জেলা প্রশাসকেরা তা সংগ্রহ করে কেন্দ্রে পাঠালে সেই স্মারক সমন্বয়ে একটি জাগরণযাত্রার দলিল তৈরি হতে পারে বলেও উল্লেখ করেন তথ্য মন্ত্রী।
তথ্য মন্ত্রীর বক্তব্যের আগে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বক্তব্য দেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার পরিচালনায় জেলা প্রশাসকদের বিভিন্ন মতামতের ভিত্তিতে তথ্যসচিব মরতুজা আহমদ এবং সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।