‘মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের পর তালিকা সংশোধন হবে’
খুব দ্রুত মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। নির্বাচনের পর নতুন কমিটির সহায়তায় মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধন করা হবে। গতকাল বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেছেন। মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সংসদের প্রতিনিধিরা নতুন তালিকা করার দাবি তুললে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, জোট সরকারের আমলে তৈরি করা তালিকায় রগকাটা পার্টির অনেক লোক আছে। এই তালিকা দিয়ে নির্বাচন করা হলে প্রকৃত মুক্তিযোদ্ধা প্রতিনিধিরা সংসদে নির্বাচিত হতে পারবেন না।আরেক ভাইস চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযোদ্ধাদের একটি বস্তুনিষ্ট তালিকা তৈরি করতে হবে। কেননা, যে যখন ক্ষমতায় আসে, তালিকা যাচাই-বাছাইয়ের নামে নতুন তালিকা তৈরি করে। নিজেদের পছন্দমতো অমুক্তিযোদ্ধাদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় যুক্ত করে। এই অবস্থার অবসানের দাবি জানান তিনি। এর জবাবে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম প্রতি জেলায় সত্ ও যোগ্য ব্যক্তিদের প্রতিনিধি নির্বাচন করার পরামর্শ দিয়ে বলেন, ‘এমন কাউকে নির্বাচিত করবেন না, যাঁরা ভাই, শালা ও বোনদের মুক্তিযোদ্ধা তালিকায় নাম যুক্ত করে।’ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ছাড়া অমুক্তিযোদ্ধাদের নাম তালিকায় যুক্ত হয়নি মন্তব্য করে তিনি বলেন, বর্তমান তালিকার ৩৬ হাজার জনের নামে অভিযোগ আছে। তবে এঁদের সবাই যে অমুক্তিযোদ্ধা, তা নয়। অনেকে শত্রুতা করেও অভিযোগ দিয়েছেন। ফলে এ বিষয়গুলো যাচাই-বাছাই করেই তালিকা করা হবে।