‘মুক্তিযোদ্ধাদের লড়াই শেষ হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের চেয়ে দেশকে আর কে বেশি ভালোবাসতে পারে? যেমন বলছিলেন পাবনার বেড়া উপজেলার মুক্তিযোদ্ধা এস এম আমীর আলী, ‘আমরা তো এ দেশের জন্যই জীবন দিতে গিয়েছিলাম। দেশকে তো আমরাই সবচেয়ে বেশি ভালোবাসি। মুক্তিযোদ্ধাদের লড়াই শেষ হয়নি। এ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’৩৯ বছর আগে আমীর আলীদের মতো অনেকেই জীবনকে বাজি রেখে দেশমাতাকে মুক্ত করতে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে। বিজয়ের বহু বছর পর পাবনা জেলার সেই মুক্তিযোদ্ধারা গতকাল রোববার সকালে এক হয়েছিলেন প্রাণের মেলায়, পুনর্মিলনীতে। পাবনা মুক্তিযোদ্ধা ফোরামের ঢাকা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংগীত আর মুক্তিযুদ্ধের জয়ধ্বনি ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।পুনর্মিলনীতে এসে মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণা করেছেন গর্বের সেই দিনগুলোর, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে করেছেন অভিযোগ; আছে যুদ্ধাপরাধীদের প্রতি তীব্র ঘৃণাও। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘সরকার যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু করেছে। যেদিন এই বিচার শেষ হবে, সেদিন বাঙালি জাতি কলঙ্ক থেকে মুক্ত হবে। আর আমরা পৃথিবীর কাছে প্রমাণ করব, আমরা কারও থেকে বিন্দুমাত্র ছোট নই।’আওয়ামী লীগের নেতা আবু সাইয়ীদ বলেন, ‘আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু বিবেকের কাছে পরাধীন হয়ে আছি।’ মুক্তিযুদ্ধের এফ এফ কোম্পানি কমান্ডার ও পুনর্মিলনী প্রস্তুতি পরিষদের আহ্বায়ক কাজী সদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন পাবনা সদরের মুক্তিযোদ্ধা আবদুল বাতেন, ঈশ্বরদীর মো. আবদুর রহমান, আটঘড়িয়ার পানাউল্লাহ্, সুজানগরের আবদুস সামাদ ও ফরিদপুরের মনিরুজ্জামান।পাবনায় জন্ম নেওয়া জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আবদুস সুবহানসহ যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করেন সবাই।