'মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করে মৃত্যুঞ্জয়ী'
একাত্তরে মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করে মৃত্যুঞ্জয়ী হয়েছেন। দেশ স্বাধীন করতে শহীদ হওয়া এবং যুদ্ধ করার মতো বড়, মহৎ ও শ্রেষ্ঠ কাজ আর কিছুই হতে পারে না।
গতকাল রোববার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় একটি অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। এ সময় তিনি একটি বালিকা বিদ্যালয়ের উদ্বোধন করেন ও মুক্তিযোদ্ধাদের স্মারক সম্মাননা দেন।
উপাচার্য বলেন, ‘বাংলাদেশের সন্তান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক জাহিদ হাসান ৮৫ বছর পর ভাইল ফার্মিয়নের মতো ক্ষুদ্রতম কণা আবিষ্কার করেন। তিনি পদার্থবিজ্ঞানে গবেষণা করছেন। তাঁর সহকর্মী গবেষকদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা বলেছেন, জাহিদের গবেষণা অনেক উঁচু মাপের। একসময় নোবেল কমিটি তাঁকে পুরস্কৃত করার কথা ভাবতে পারে।’
উপাচার্য বলেন, শিক্ষাই সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের কেবল জিপিএ-৫ পাওয়ানোই শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ নয়। সুশিক্ষা, সততা, দেশপ্রেম ও মূল্যবোধের ভিত্তিতে জিপিএ-৫ পাওয়াতে হবে। নিয়মিত শিক্ষা কার্যক্রমের বাইরে শ্রেণিকক্ষে দেশ সৃষ্টির ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে।
শিক্ষানুরাগী মোবারক হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার সাবেক সাংসদ কাজী মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ প্রমুখ। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক দেওয়া হয়।