'মুক্তির অগ্ন্যুৎপাতের প্রতীক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সৃষ্টি আর সুন্দরের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে কথা বলে কবিতা। তাই যেকোনো সংকটে দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে রাজপথে নেমে আসেন আবৃত্তিশিল্পীরা।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর সন্ধ্যায় পাঁচ সংগঠনের আবৃত্তি অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রামের আবৃত্তি সংগঠন নরেন আবৃত্তি একাডেমি, নির্মাণ আবৃত্তি অঙ্গন, সুচয়ন ললিতকলাকেন্দ্র, আবৃত্তি চর্চাকেন্দ্র ও ত্রিস্বর আবৃত্তি সংঘের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ‘মুক্তির অগ্ন্যুৎপাতের প্রতীক্ষা’ শিরোনামে এ আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন তহুরীন সবুর, রণজিত রক্ষিত, কামরুল হাসান ও রাশেদ হাসান।

আবৃত্তিপর্বের শুরুতে শামসুর রাহমানের ‘তুমি বলেছিলে’ কবিতা আবৃত্তি করেন শামসুল শ্যামল। এরপর একে একে একক আবৃত্তি করেন মিশফাক রাসেল, সাখাওয়াত রিগান, তাসকিয়াতুন নুর, কৌশিক দত্ত, সমুদ্র টিটু, মুহাম্মদ কুতুব উদ্দিন, ওমর ফারুক ও সাজেদা বেগম।

এরপর ছিল বৃন্দ পরিবেশনা। শুরুতেই আবু হেনা মোস্তফা কামালের শ্রুতি নাটক ‘দেশের মানুষ নদীর মানুষ’ পরিবেশন করে নরেন আবৃত্তি একাডেমি। ‘জোয়ার জাগরে ফের ঢেউয়ের তালে’ পরিবেশন করে নির্মাণ আবৃত্তি অঙ্গন। সুচয়ন ললিতকলাকেন্দ্রের শিল্পীরা করেন ‘আর নয় আপসের ডাক’।
সবশেষে ফারহানা এলিয়ার নির্দেশনায় ‘যাপিত জীবন’ বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ত্রিস্বর আবৃত্তি সংঘ।