‘মুক্তির-মন্দির-সোপানতলে’
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছিল। বিজয়ের প্রথম প্রহর থেকে গতকাল রোববার দিনভর নানা শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। এসব মানুষের আশাবাদ, দ্রুত মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন হবে এবং সেই বিচারের মধ্য দিয়ে বাঙালি জাতি কলঙ্ক থেকে মুক্তি পাবে। গতকাল সিলেট নগরের বিভিন্ন পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবসের নানা কর্মসূচি উদ্যাপিত হয়েছে। এসব কর্মসূচিতে গিয়ে এই প্রতিবেদকের কথা হয় অন্তত ৬০ জন ব্যক্তির সঙ্গে। তাঁদের অভিন্ন দাবি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য মতপথের ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক, মুক্ত ও শুভবুদ্ধিসম্পন্ন সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।আম্বরখানা এলাকার বাসিন্দা লেখক আলমগীর হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধে একটি গান বাজত: “মুক্তির-মন্দির-সোপানতলে”। এই গানে উজ্জীবিত হয়ে সব মানুষ এক কাতারে দাঁড়িয়েছে। আবারও জেগে উঠতে হবে; একই শক্তি, আদর্শ ও বিশ্বাসে। তবে এর আগে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ভালোভাবে বোঝাতে হবে।’ এমসি কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনুপম তালুকদার বলেন, ‘আমরা কোনো ধরনের অজুহাত কিংবা কারণ শুনতে চাই না। আমরা তরুণ প্রজন্ম দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেখতে চাই।’ একই কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমার একটাই কথা, সেটা হচ্ছে, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার শেষ করা। সরকার এই বিচার করতে না পারলে এর খেসারত সবাইকে দিতে হবে।’ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কথা হয় লামাপাড়া এলাকার গৃহিণী আমেনা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলেমেয়েদের নিয়ে শহীদ মিনারে এসেছি। এত মানুষের ঢল দেখে আমি খুব উচ্ছ্বসিত। এ থেকে বোঝা যাচ্ছে, কিছুসংখ্যক কুলাঙ্গার ছাড়া দেশের সবাই আসলে দেশপ্রেমিক।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেহানা পারভীনের কণ্ঠে আশাবাদের সুর। তিনি বলেন, ‘আমরা নোবেল পাচ্ছি, আমরা ক্রিকেটের মধ্য দিয়ে সারা বিশ্বে বাঘের গর্জন শোনাচ্ছি। আমাদের অনেক প্রাপ্তি। ঠিকই একদিন সবাই মিলে আমরা এ দেশটাকে বদলে দেব।’ ‘স্বাধীনতার প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হলে ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করতে হবে।’ বলেন মদনমোহন কলেজের শিক্ষার্থী শাহীনুল ইসলাম। বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি শুভেন্দু ইমাম প্রথম আলোকে বলেন, ‘বিজয়ের ৪১ বছর পেরিয়ে এসে আমার প্রত্যাশা, সমাজে প্রচলিত সব বৈষম্য দূর হোক। দুর্নীতি চিরতরে নিপাত যাক। যে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সেটা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য ধূলিসাৎ হতে দেওয়া যাবে না।’