‘মুখ চাইয়া রিলিফ দেওয়া অর!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে-বাইরে বন্যাদুর্গত মানুষের ভিড়। ত্রাণ পেতে নারী-পুরুষেরা কেউ দাঁড়িয়ে, কেউ বসে অপেক্ষা করছেন। একসময় ত্রাণ বিতরণ শুরু হয়। হুমড়ি খেয়ে পড়ে লোকজন। এর মধ্যে তালিকায় নাম না থাকায় অনেককে মন খারাপ করে শূন্য হাতে ফিরে যেতে হয়।মৌলভীবাজারের বন্যাদুর্গত জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল রোববার এ দৃশ্য দেখা যায়।বিকেল পাঁচটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি কক্ষের সামনে ত্রাণ বিতরণ চলছে। ৪০০ থেকে ৫০০ লোক সেখানে ভিড় করেছে।কাটনালারপার গ্রামের পাখিমালা বেগম (৪০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘দেড় মাস ধরি পানির মাঝো। একমুঠ রিলিফ পাইছি না। আটুপানি ভাঙি সকালে আইছি। কিচ্ছু তো পাইলাম না।’ কালীনগর গ্রামের আবদুর রহিম (৩৫) বলেন, ‘মুখ চাইয়া চাইয়া রিলিফ দেওয়া অর (হচ্ছে)!’ একই গ্রামের প্রতাপ দেব (৬০) বলেন, ‘আগে হুইনছি লিস্টো নাম আছে, অখন হুনি নাই। ইতা বুঝলাম না। বাড়িত যাইয়ার গি (চলে যাচ্ছি)।’৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইন্তাজ আলী বলেন, ‘লোক চার শ’র মতো। মাত্র ৮৪০ কেজি চাল পাইছি। তিন কেজি করে ১৬০ জনকে এবং দুই কেজি করে ৮০ জনকে দিয়েছি। এখন বাকিদের বোঝানো যাচ্ছে না।’ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বলেন, ‘সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যরা তালিকা করেছেন। সেই তালিকামতো ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ পর্যাপ্ত আছে। যারা বাদ পড়েছে কাল (আজ সোমবার) পাবে।’ তিনি জানান, সরকারি ত্রাণ হিসেবে এ পর্যন্ত সাড়ে ২৯ মেট্রিক টন চাল পাওয়া গেছে। সাড়ে ২০ মেট্রিক টন ইতিমধ্যেই বিতরণ হয়ে গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, ‘ত্রাণ বিতরণে অনিয়মের বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’