‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’
‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে...ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা...’। ঈদ শুভেচ্ছার নামে এ ধরনের স্লোগান-সংবলিত বহু বিলবোর্ড-প্ল্যাকার্ড-ফেস্টুন-ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নগরের ২৭টি ওয়ার্ডের সব কটি পাড়া-মহল্লা। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা জানিয়েছে, কোনো অনুমতি না নিয়েই অবৈধভাবে এসব বিলবোর্ড ও ফেস্টুন টানানো হয়েছে।বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে দেখা গেছে, রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে শুরু করে কাউন্সিলর, তরুণ সমাজকর্মী, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, ছাত্রনেতা ও শিক্ষানুরাগী পরিচয়ে এসব বিলবোর্ড-প্ল্যাকার্ড-পোস্টার সাঁটানো হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কের পাশের ফুটপাত দখল করে শক্ত লোহার পাইপ গেড়ে বহু বিলবোর্ড ও ফেস্টুন বসানো হয়েছে। এ ছাড়া প্রায় প্রতিটি রাস্তায় বিভিন্ন নেতা-কর্মীর প্রশংসাসূচক তোরণও তৈরি করা হয়েছে।গত বৃহস্পতিবার নগর ঘুরে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, পাঠানটোলা, শিবগঞ্জ, টিলাগড়, মীরাবাজার, বাগবাড়ি, আখালিয়া, সুবিদবাজার, লামাবাজার, কাজীটোলা, শেখঘাট, উপশহর, দক্ষিণ সুরমাসহ অন্তত অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিলবোর্ড, প্ল্যাকার্ড ও পোস্টার বেশি।সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘নিজেকে অন্যের সামনে উপস্থাপন করার জন্য এ ধরনের ন্যক্কারজনক উপস্থাপনভঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিদের রুচির অভাবের পরিচয় বহন করছে। তবে এসব ব্যক্তির প্রচারণার হাত থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং উল্লেখযোগ্য স্থাপনাও বাদ যাচ্ছে না। গুরুত্বপূর্ণ এসব স্থানের সামনে হাজারো বিলবোর্ড ও প্ল্যাকার্ড লাগানোর কারণে স্থাপনাগুলোই এখন চোখে পড়ছে না। অনেকটা কবি শঙ্খ ঘোষের সেই কবিতার পঙিক্তর মতোই “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”। এটা দেখার কি কেউ নেই?’শিবগঞ্জ এলাকার স্কুলশিক্ষক অমিতাভ দাশ বলেন, ‘ঈদ শুভেচ্ছার নামে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরাও বিভিন্ন রাজনৈতিক দলের পদ ব্যবহার করে বিশাল বিলবোর্ডে ছবিসহ প্রশংসাসূচক বাক্য লিখে নিজেকে এলাকাবাসীর সামনে উপস্থাপন করছে। নিজেকে জাহির করতে এটা এক ধরনের বিজ্ঞাপন। এতে করে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিগত যেকোনো বছরের তুলনায় এবার এসব কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে।’নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার একজন কর্মকর্তা জানান, বিলবোর্ড ও পোস্টার যাঁদের নামে সাঁটানো হয়, তাঁদের অনেকে বর্তমান ও সাবেক সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা-কর্মী। এমনকি রাজনৈতিক দলের নেতাদের ছত্রচ্ছায়ায় সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত ব্যক্তিরাও অবৈধ বিলবোর্ড টাঙিয়েছেন। এ কারণেই সিটি করপোরেশন কর্তৃপক্ষ এসব বিলবোর্ড অপসারণ করতে পারছে না। এ ছাড়া অবৈধ বিলবোর্ড, প্ল্যাকার্ড, পোস্টার অপসারণে সুস্পষ্ট নীতিমালাও নেই।সুবিদবাজার এলাকার বাসিন্দা আজমল আলী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘ঈদের আগে বাসার দেয়াল রং করিয়েছিলাম। কিন্তু যেদিন চুনকামের কাজ শেষ হয়েছে, ওই রাতেই নতুন দেয়ালে আমার অনুমতি ছাড়াই বেশকিছু নেতা-কর্মীর ঈদ শুভেচ্ছা-জাতীয় পোস্টার লাগানো হয়েছে। এটা কেমন কথা? রুচি বলেও তো একটা বিষয় আছে, নাকি?’নগরের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার সাঁটিয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল হাসান লোদী কয়েস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই নিজেকে প্রচার করতে চায়। নিজেকে মার্কেটিং করার ক্ষেত্রে পোস্টার-লিফলেট বিতরণ অন্যতম। আর এ সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত ব্যক্তিরাও বিলবোর্ড-পোস্টার দিয়ে নগর ছেয়ে ফেলে। তবে আমি একজন নির্বাচিত কাউন্সিলর হিসেবে নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্ন নগর গড়ার স্বার্থে পোস্টার ও বিলবোর্ড অপসারণের একটি নীতিমালা তৈরি করা দরকার। সিটি করপোরেশন কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে একজন ব্যক্তির গুণগান গেয়ে আরেকজন অতি-উৎসাহী ব্যক্তি উভয়ের ছবি দিয়ে বড় বড় বিলবোর্ড ও প্ল্যাকার্ড বানিয়ে রাস্তায় রাস্তায় সাঁটিয়ে রাখছে, সেটা তো আরও হাস্যকর।’সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রথম আলোকে বলেন, ‘ঈদ উপলক্ষে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লায় বিভিন্ন বিপণিবিতানের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড লাগিয়েছিলেন। যেহেতু এখন ঈদ শেষ, তাই ব্যক্তি উদ্যোগেই এসব অবৈধ বিলবোর্ড সরানোর অনুরোধ সবাইকে করছি। তবে শিগগিরই সিটি করপোরেশনের উদ্যোগে এসব অবৈধ জিনিস অপসারণে অভিযান চালানো হবে।’