‘মুখোশ পরা’ বাহিনীর আতঙ্কে সেচযন্ত্র মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে চলতি বোরো মৌসুমে সেচযন্ত্রের মালিকদের কাছে পাঁচ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। একটি বাহিনীর ‘মুখোশ পরা’ সদস্যরা গভীর রাতে মাঠে গিয়ে এসব চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে হত্যা ও সেচযন্ত্র লুটের হুমকি দেওয়া হচ্ছে। এতে সেচযন্ত্রের মালিক ও বোরো চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁদাবাজি প্রতিরোধে পুলিশ ও এলাকাবাসী একত্র হয়ে কাজ করার উদ্যোগ নিয়েছে। ভুক্তভোগীরা জানায়, ৪ এপ্রিল রাতে চাঁদা না পেয়ে মুখোশ পরা বাহিনী উপজেলার উলিপুর মাঠের মোস্তাফিজার রহমানের গভীর নলকূপের কর্মচারী হারুন (৩২) ও নূরুলকে (৩৫) বেধড়ক মারধর করে। এ ঘটনার দুই দিন পর চাঁদা না পেয়ে একই মাঠের মামুনের গভীর নলকূপের কর্মচারী স্বপন (৪০) ও ছানোয়ারকে (২২) বেঁধে মারধর করা হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, বোরো মৌসুম শুরুর পর মুখোশ পরা বাহিনী গভীর রাতে মাইক্রোবাস নিয়ে উপজেলার উলিপুর, আওয়ালগাড়ী, ভিকনী, সু-সৃষ্টি মোহনপুর ও সোনামুখী মাঠের সেচযন্ত্রের কর্মচারীদের কাছে নির্দিষ্ট হারে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে সেচযন্ত্র লুট ও কর্মচারীদের হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। গত কয়েক দিনে গভীর নলকূপের চারজন ও অগভীর নলকূপের তিনজন মালিক প্রাণের ভয়ে নির্দিষ্ট হারে চাঁদা দিয়েছেন।কয়েকজন কর্মচারী জানান, মার্চ মাসে ১০-১২ জনের মুখোশ পরা একটি দল গভীর রাতে সেচঘরে ঢুকে তাঁদের জানায়, প্রতিটি গভীর নলকূপ ১০ হাজার ও শ্যালো মেশিনের মালিককে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হবে। এই টাকা তাঁদের সেচঘরে রাখতে হবে। যেকোনো দিন রাতে এসে তারা টাকা নিয়ে যাবে। টাকা না দিলে মাঠে সেচযন্ত্র থাকবে না এবং পরিবার তাঁদের লাশেরও খোঁজ পাবে না। অগভীর নলকূপের কর্মচারী নূরুল বলেন, ‘পুলিশ সন্ধ্যায় টহল দিচ্ছে আর ওরা আসছে গভীর রাতে। আমরা ভয় আর আতঙ্ক নিয়েই রাতে সেচকাজ করছি।’গভীর নলকূপের মালিক মোস্তাফিজার রহমান বলেন, যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে, তাতে ভবিষ্যতে আর সেচকাজ করা যাবে না। মুখোশ পরা বাহিনীর আতঙ্কে কর্মচারীরা রাতে মাঠে সেচকাজ করতে ভয় পাচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী প্রথম আলোকে জানান, বিষয়টি নিয়ে ৬ এপ্রিল মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় আলোচনা হয়েছে। ওই সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাঠে মাঠে পুলিশি টহল জোরদার ও সেচমালিকদের সঙ্গে মতবিনিময় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। আক্কেলপুর থানার ওসি খলিলুর রহমান জানান, মুখোশ পরা বাহিনীর চাঁদাবাজি ঠেকাতে গ্রামে গ্রামে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।