সীমা ঠিকমতো হাঁটতে পারে না। অন্য বন্ধুদের সঙ্গে মিশতে পারে না, খেলতে পারে না, যেতে পারে না স্কুলে। সীমার জন্মের পর থেকেই পরিবারটি সমস্যায় পড়ে যায়। লোকে বলতে থাকে, মায়ের পাপে মেয়ের পা বাঁকা। মানুষের কটু কথা শুনতে শুনতে প্রায় একঘরে হয়ে যায় নিম্নবিত্ত এই পরিবারটি। সেই সীমা এখন হাঁটতে পারে। স্কুলে যাচ্ছে। সীমা বলে, বড় হয়ে সে অনেক বড় চাকরি করবে। চিকিৎসায় তার মুগুর পা ভালো হয়ে গেছে। লিখন, নিতাই, শাহাদতসহ অনেক শিশু ‘মুগুর পা’ বা ক্লাপ ফুট নিয়ে জন্মায়। চিকিৎসায় সবাই ভালো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে মুঠোফোন কোম্পানি রবি সংবাদ সম্মেলনে এসব শিশু ও তাদের বাবা-মাকে উপস্থিত করে।রবির ভাইস চেয়ারম্যান (সিএসআর) সেগুফতা ইয়াসমিন সামাদ বলেন, মুগুর পায়ের কারণে যেসব শিশু স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, তাদের স্বাভাবিক করে তুলতে রবি চিকিৎসার উদ্যোগ নিয়েছে। মুগুর পা আছে এমন শিশুদের চিকিৎসায় রবির সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইম্প্যাক্ট ফাউন্ডেশন। সংস্থাটির ডা. হাসিব মাহমুদ বলেন, শুধু সচেতনতার অভাবে এ প্রতিবন্ধিতা জীবনভর বয়ে বেড়ায় অনেকে। তিনি জানান, ইতিমধ্যে প্রায় ২০০ শিশুকে চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়েছে। সংবাদ সম্মেলনে শাহাদতের মা শাকিলা বলেন, ‘মানুষের ধারণা, মুগুর পায়ের প্রতিবন্ধী ছেলেকে কোলে নিলে, তাদের পরিবারেও প্রতিবন্ধী সন্তান জন্ম নেবে। তারা আমার ছেলেকে কোলেও নিত না। এখন আমার ছেলে সুস্থ। আমার খুব ভালো লাগছে।’