'মুজাহিদ অব বাংলাদেশের' ৬ সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া ছয়জনকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তার হওয়া ছয়জনকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়।

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আদলে সংগঠিত ‘মুজাহিদ অব বাংলাদেশের’ ছয় সদস্যের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা মোস্তাজিফুর রহমান আজ তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া এই চারজন হলেন জহিরুল ইসলাম ওরফে আনসার ওরফে চূড়ান্ত লড়াই ওরফে জহির, খন্দকার রাজেস সুবাহান ওরফে রাজু ওরফে কাঁচা মরিচ ওরফে আদার ব্যাপারী, আবু বকর সিদ্দীক ওরফে আবির ওরফে মৌমাছি ওরফে নিয়মের অনিয়ম ওরফে এক টুকরো মেঘ ওরফে সাদা পাতা, আব্রাহাম আহম্মেদ আল তারেক, মোর্শেদুল ইসলাম ওরফে কিংমোর খান ও কাজী বাপ্পী আহম্মেদ ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া মোল্লা আক্তার মো. মনসুর।

ডিবি পুলিশ দাবি করেন, গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (দক্ষিণ) বিভাগের যৌথ অভিযানে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর, সোনালী ব্যাংকের সামনে থেকে মুজাহিদ অব বাংলাদেশের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটি ল্যাপটপ ও ১০টি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছয়জন জানান, তাঁরা জেএমবি’র আদলে সংগঠিত নতুন জঙ্গি সংগঠন ‘মুজাহিদ অব বাংলাদেশ’-এর সক্রিয় সদস্য। তাঁরা ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ, বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা ও অর্থায়নসহ ঢাকাস্থ এক হুজুরের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। জহিরুল ইসলাম ওরফে আনসার ওরফে চূড়ান্ত লড়াই স্বীকার করেন, গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক সংলগ্ন এলাকায় তাঁরা বিভিন্ন সময় জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা হয়েছে।