'মুজিব-তাজ ঐক্য থাকলে উন্নয়নের জন্য অপেক্ষা করতে হতো না'
শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের জুটি ভেঙে না গেলে, তাঁদের মধ্যে শেষ পর্যন্ত ঐক্য থাকলে দেশের উন্নয়নের জন্য এ দেশের মানুষকে এখনো তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হতো না। বাংলাদেশের জন্য এই জুটি ছিল সবচেয়ে উপযুক্ত। তাঁদের মধ্যে দূরত্ব হলো সবচেয়ে দুঃখজনক।
আজ শনিবার বিকেলে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ এ কথা বলেন। এশিয়াটিক সোসাইটি ‘তাজউদ্দীন আহমদ: সময় যাকে তৈরি করেছিল এবং যিনি সময়কে অতিক্রম করতে চেয়েছিলেন’ শীর্ষক এই বক্তৃতার আয়োজন করে। বক্তৃতায় আকাশ বলেন, রাজনৈতিক জীবনে অনেক ক্ষেত্রে তাজউদ্দীন সময়কে অতিক্রম করতে পেরেছিলেন। কিন্তু ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তিন মাসের মধ্যে তিনিও খুন হন। এ সময়কে অতিক্রমের কোনো সুযোগ তিনি পাননি।
এম এম আকাশ বলেন, বঙ্গবন্ধু ছিলেন অনেক বড় হৃদয়ের মানুষ। মানুষের পাশে থাকতেন। মানুষের মনের কথা বুঝতে পারতেন। তবে রাষ্ট্র পরিচালনায় যেসব গুণাবলি থাকা প্রয়োজন ছিল, এর অনেক কিছুই তাঁর (বঙ্গবন্ধু) ছিল না। অন্যদিকে, তাজউদ্দীন আহমদের বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল অসাধারণ। এই দুজন ছিলেন একটি দারুণ জুটি। সময়ের প্রয়োজনেই তাঁরা কাছাকাছি এসেছিলেন। তাঁরা ছিলেন একে অন্যের পরিপূরক। তাঁদের দুজনের অবস্থান ছিল বিপরীতমুখী। এ কারণে তাঁরা একে অন্যকে আকৃষ্ট করেছিলেন। তবে এ-ও ঠিক, একটা সময় শেখ মুজিব তাঁকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু তাজউদ্দীন কখনো শেখ মুজিবকে পরিত্যাগ করেননি। আকাশ আরও বলেন, এই দুজন দুজনকে হারিয়ে অসহায় হয়ে গিয়েছিলেন। শেখ মুজিব হয়েছিলেন শত্রুবেষ্টিত আর তাজউদ্দীন প্রথমে অভিমান পরে ডুবে গিয়েছিলেন গভীর শূন্যতায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, স্বাভাবিকভাবেই শেখ মুজিবের মৃত্যুর পর তাজউদ্দীনের বেঁচে থাকার কারণ ছিল না। তাজউদ্দীন নিজেও সে কথা বিভিন্ন সময়ে বলেছেন। এম এম আকাশ বলেন, বাকশাল গঠনের পর তাজউদ্দীন বলতেন, ‘মুজিব ভাই আমাদের সহমরণের ব্যবস্থা করেছেন।’ যদিও তিনি শেখ মুজিবকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারতেন না। তিনি আরও বলেন, শেখ মুজিব হৃৎপিণ্ড আর তাজউদ্দীন মস্তিষ্ক। হৃৎপিণ্ড না বাঁচলে মস্তিষ্ক বাঁচানো যায় না। তবে পার্থক্য হলো, ৩২ নম্বরে মুজিবের মৃত্যু ছিল অপ্রত্যাশিত। আর কারাগারে তাজউদ্দীনের মৃত্যু ছিল ভবিতব্য। আকাশ বলেন, মুক্তিযুদ্ধসহ নানা ক্ষেত্রে তাজউদ্দীন যা করেছেন, তাঁর সেই ভূমিকার স্বীকৃতি ইতিহাস তাঁকে দেয়নি।
স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটি ট্রাস্টের চেয়ারপারসন খন্দকার বজলুল হক। তাজউদ্দীন-জীবনী পাঠ করেন মেমোরিয়াল ট্রাস্টের আহ্বায়ক সাব্বির আহমেদ। অনুষ্ঠানে তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমীন আহমেদ বক্তব্য দেন।