'মুঠোফোন সোমাকে কাছে টানে, দূরেও ঠেলে দেয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুঠোফোনে মিসড কলের সূত্র ধরে সোমার সাথে আমার পরিচয়, প্রেম। দুই মাসের মধ্যে বিয়ে। এর কিছুদিন পর আরেকটি কলের সূত্র ধরে সোমা আমার কাছ থেকে দূরে চলে যেতে শুরু করে। আমাকে আড়াল করে সে প্রায়ই একটি ছেলের সঙ্গে কথা বলত। শেষে জেদে সোমাকে মেরে ফেলি।’
কিশোরগঞ্জে সোমা আক্তার (২১) নামের এক গৃহবধূকে হত্যার দায় স্বীকার করে তাঁর স্বামী রুবেল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভালোবেসে বিয়ে করার মাত্র দুই সপ্তাহের মধ্যে স্ত্রীকে খুন করার কারণ হিসেবে এসব কথা বলেন তিনি। গত রোববার রাতে মুখ্য বিচারিক হাকিম আলাউল আকবর জবানবন্দি রেকর্ড করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেনের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।
সোমার বাড়ি সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সাদুল্লাহরচর গ্রামে। স্টেশন সড়কের সিদ্দিক টাওয়ারে একটি বিউটি পারলার চালাতেন তিনি। থাকতেন শহরের খড়মপট্টি মহল্লার একটি ভবনের ষষ্ঠ তলায়। মুঠোফোনের একটি মিসড কলের সূত্র ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের রুবেল মিয়ার সঙ্গে সোমার পরিচয়। শেষে পরিবারের অমতে গত ৩ এপ্রিল তাঁরা বিয়ে করেন। ২২ এপ্রিল ওই ভাড়াবাড়ির ষষ্ঠ তলার কক্ষের খাটের নিচ থেকে সোমার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সোমার মা রুবেলকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ গত শনিবার রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে।
জবানবন্দিতে রুবেল জানান, শ্বাসরোধ করে সোমাকে হত্যা করা হয়। ১৯ এপ্রিল রাত আটটায় দুই বন্ধুকে নিয়ে তিনি খড়মপট্টির বাসায় যান। হত্যা শেষে শোবার ঘরের বক্স খাটের নিচে লাশ লুকিয়ে রাখা হয়। যাওয়ার সময় প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। হত্যাকাণ্ডটি শেষ করতে সময় লাগে পৌনে এক ঘণ্টা।
রুবেলের ভাষ্যমতে, ভালোবেসে সোমাকে বিয়ে করেছিলেন। কিন্তু সোমা মর্যাদা রাখতে পারেননি। অন্য এক ছেলের সঙ্গে ফোনে কথা বলে তাঁকে কষ্ট দেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রুবেল যেসব তথ্য দিয়েছেন, তার বাইরেও কিছু কারণ থাকতে পারে। হত্যায় তিনজন জড়িত ছিলেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
সোমার মা জমিলা খাতুনের বিশ্বাস, টাকার লোভে মেয়েকে মেরে ফেলেন রুবেল। জমিলা বলেন, ‘আমার মেয়ের হাতে আড়াই লাখ টাকা আছিল। এই টেহা নেবার অনেক চেষ্টা করছে। পারে নাই। এই কারণে আমার মাইয়ারে মাইরা ফালাইছে।’