চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বই উৎসব। ক্লাবের সদস্যদের প্রকাশিত বই নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। কথাসাহিত্যিক সেলিনা হোসেন প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে তিন গুণী লেখককে সেরা লেখকের পুরস্কার দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব।
প্রথমবারের মতো প্রবর্তিত সেরা লেখকের পুরস্কার পেয়েছেন প্রবন্ধ ও গবেষণায় কবি ও সাংবাদিক আবুল মোমেন, কথাসাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী ও শিশুসাহিত্যে রাশেদ রউফ। পুরস্কার হিসেবে প্রত্যেককে ২০ হাজার টাকা, স্মারক ও সনদ তুলে দেন সেলিনা হোসেন। সেরা লেখক নির্বাচনে জুরিবোর্ডের সদস্য ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহীবুল আজিজ ও সাহিত্যিক আনোয়ারা আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সেলিনা হোসেন বলেন, তারুণ্যের শক্তিই অনুপ্রেরণার উৎস। আগামী দিনের তরুণ প্রজন্ম যেন তথ্যপ্রযুক্তি ও মুদ্রণমাধ্যমটিকে একসঙ্গে পথচলার সুযোগ করে দেয়। সেই সুযোগের মধ্যে যেন সব লেখকের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীলতা স্থান পায়।
সেলিনা হোসেন বলেন, ‘কিছুদিন আগে টেলিভিশনের স্ক্রলে দেখেছিলাম লন্ডন থেকে প্রকাশিত দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার ছাপা সংস্করণ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু অনলাইন মাধ্যমটি চালু থাকবে। তার বিপরীতে সাংবাদিকদের এই বইমেলা তাঁদের কাছে দৃষ্টান্ত হোক, এটি সবচেয়ে বড় চাওয়া।’
অনুষ্ঠানে আবুল মোমেন বলেন, সাংবাদিকতা ও সাহিত্য পরস্পরবিরোধী, এটা বলা যায় না। দৈনিক পাকিস্তান ও আনন্দবাজার-এ অনেক বড় লেখকেরা সাংবাদিকতা করেছেন। সাংবাদিক জীবনে সাহিত্যচর্চার বড় সুযোগ রয়েছে।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কাছ থেকে পুরস্কার নিতে পারাটা সৌভাগ্যের বিষয়।
রাশেদ রউফ বলেন, প্রেসক্লাবে আগেও দুবার বই উৎসব হয়েছে, কিন্তু সেরা লেখক পুরস্কারের বিষয়টি নতুন সংযোজন। আশা করি, আগামী দিনে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সেলিনা হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার ও অনুষ্ঠানের সভাপতি আবুল মোমেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সেরা লেখক জুরিবোর্ডের সদস্য সাহিত্যিক আনোয়ারা আলম, প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, চট্টগ্রাম প্রেসক্লাবের ২২০ জন সদস্যের মধ্যে ৬০ জনেরই বই বেরিয়েছে। তাঁদের বই নিয়ে এ উৎসব। আজ শনিবার বিকেল চারটায় শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। এ ছাড়া সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একটানা বই উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।