'মুদ্রণের আগে ভূত ঢুকে যায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আজ শনিবার অনুষ্ঠিত ‘অভীষ্ট-৪ (মানসম্মত শিক্ষা)-এর জবাবদিহিতায় নাগরিক অংশগ্রহণের সুযোগ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে অতিথিরা। ছবি: মোশতাক আহমেদ
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আজ শনিবার অনুষ্ঠিত ‘অভীষ্ট-৪ (মানসম্মত শিক্ষা)-এর জবাবদিহিতায় নাগরিক অংশগ্রহণের সুযোগ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে অতিথিরা। ছবি: মোশতাক আহমেদ

রাজধানীতে এক সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশ শিক্ষায় অনেকটা এগিয়ে গেছে। তবে অর্জনগুলোকে সামনে রেখেও বলতে হবে, অনেক চ্যালেঞ্জও রয়ে গেছে। তাঁরা গুণগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, শিক্ষার সব স্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ‘অভীষ্ট-৪ (মানসম্মত শিক্ষা)-এর জবাবদিহিতায় নাগরিক অংশগ্রহণের সুযোগ’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম-বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বিভিন্ন চেষ্টা ও পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, যতটা প্রত্যাশা করা হচ্ছে, ততটা হয়তো সরকার পারছে না।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, নবম-দশম শ্রেণির ১২টি পাঠ্যবই সরকার শিক্ষাবিদদের দিয়ে পরিমার্জন করছে। তিনি বলেন, ‘মুদ্রণের আগে ভূত ঢুকে যায়। তাই মুদ্রণের আগে অবশ্যই পরিমার্জিত বই শিক্ষাবিদদের যেন দেখানো হয়।’
বিশেষ অতিথির বক্তৃতায় পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বিভিন্ন নিয়োগে সুপারিশমালার উল্লেখ করে বলেন, যে সমাজে সুপারিশ ছাড়া কাজ হয় না, সেখানে যোগ্য লোক যোগ্য জায়গায় বসবে কীভাবে? মাধ্যমিক শিক্ষায় সবচেয়ে বিপর্যয়কর অবস্থা বিরাজ করছে উল্লেখ করে শামসুল আলম বলেন, এমপিও (বেতন বাবদ মাসিক সরকারি অনুদান) দিয়ে বিদ্যালয়গুলোকে লেজেগোবরে অবস্থায় ফেলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে উপস্থাপন করেন ‘ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের’ নির্বাহী পরিচালক মুস্তাফা কে মুজেরি। তিনি বলেন, বাংলাদেশ শিক্ষায় অনেকটা এগিয়ে গেছে। অর্জনগুলোকে সামনে রেখেও বলতে হবে, অনেক চ্যালেঞ্জও রয়ে গেছে। বাজেট প্রয়োজনের চেয়ে কম। আবার যে টাকা আছে, সেটাও সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা-ও উদ্বেগের বিষয়।
সভাপতির বক্তৃতায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে বলেন, শিক্ষার মানকে কি গুরুত্বসহকারে দেখা হয়, নাকি পাসের হারে দেখা হয়? জিপিএ-৫ পেয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস নম্বর না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, শিক্ষার ওপর থেকে নিচ পর্যন্ত—সব ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করতে হবে। মুক্ত আলোচনায় শিক্ষাবিদ মনজুর আহমেদ বলেন, শিক্ষাব্যবস্থায় অদক্ষতা, দুর্নীতি ও অব্যবস্থাপনা আছে।