'মুমূর্ষু' জরুরি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ আছে চারটি, আছেন একজন। খুলনার ১৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) জরুরি বিভাগটি এক বছর ধরে একজন চিকিৎসক দিয়ে চলছে। গুরুত্বপূর্ণ এ বিভাগটি জোড়াতালি দিয়ে চললেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নজর নেই।
৮০ বছরের পুরোনো এ হাসপাতালের দুর্দশার চিত্র এখানেই শেষ নয়। গাইনি বিভাগও চলছে জোড়াতালি দিয়ে। তিনজনের বদলে আছেন একজন। সার্জারি কনসালট্যান্ট নেই প্রায় চার বছর। ছয় মাস ধরে পদশূন্য সার্জারি অ্যাসিস্ট্যান্টের। এক্স-রে বিভাগে রেডিওলজি কনসালট্যান্ট নেই। তাই এখানে এক্স-রে করলেও কোনো রিপোর্ট দেওয়া হয় না।
১৯৮৬ সালে হাসপাতালটি ১০০ থেকে ১৫০ শয্যাবিশিষ্ট করা হলেও প্রথম শ্রেণির জনবল আছে আগের মতোই। বর্তমানে সব মিলিয়ে প্রথম শ্রেণির জনবল থাকার কথা ৩৪ জন, কিন্তু আছেন মাত্র ২২ জন। পদ খালি ১২টি।
হাসপাতালটির মোট দুটি ভবন, দুটিই আলাদা। চারতলা ভবন দুটির মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা নেই। ফলে রোগী ও চিকিৎসক সবাইকে প্রয়োজনে নিচে নেমে ওঠা-নামা করতে হয়।
হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন বহির্বিভাগে ৫০০ থেকে ৬০০ জন রোগী সেবা গ্রহণ করেন। গড়ে ভর্তি থাকেন প্রায় ১৫০ জন।
জরুরি বিভাগের দুর্দশা নিয়ে সেখানকার একমাত্র চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ সাহা বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত খুব বেশি সমস্যা হয় না। এ সময়ে অন্য চিকিৎসকেরাও থাকেন। কিন্তু সমস্যা হয় দুপুরের পর, যা সারা রাত ধরে চলতে থাকে। তখন একজনকেই ঘুরে ঘুরে সব রোগী দেখতে হয়। অপর ভবনের কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেখানে যাওয়া যায় না।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, যন্ত্রপাতি বা ওষুধের স্বল্পতা নেই এখানে। আছে শুধু জনবলের অভাব। জরুরি বিভাগের বিষয়ে তিনি বলেন, একজন চিকিৎসক দিয়ে ২৪ ঘণ্টা কাজ করানো সম্ভব নয়। এ কারণে বিভিন্ন উপজেলা ও হাসপাতাল থেকে সাময়িকভাবে চিকিৎসক নিয়োগ দিয়ে কাজ চালানো হচ্ছে।
যোগাযোগ করলে জেলা সিভিল সার্জন ইয়াছিন আলী বলেন, অবকাঠামো ও জনবলের দিক দিয়ে খুলনা জেনারেল হাসপাতালের অবস্থা অত্যন্ত নাজুক। পর্যাপ্ত জনবলের অভাবে হাসপাতালটি সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, হাসপাতালটির সমস্যার ব্যাপারে প্রতি মাসে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। গত মাসে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক খুলনায় এসেছিলেন। তখন তাঁর কাছেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।