‘মুসা সারা দেশের সারা জাতির গর্ব’
‘মুসার নাম তো ইতিহাসে ঠাঁই পেল। এখন সে শুধু আমাদের পরিবারের সন্তান নয়, শুধু লালমনিরহাটের নয়, সারা দেশের, সারা জাতির গর্ব।’মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কৃতিত্বে এভাবে আনন্দ প্রকাশ করেন তাঁর চাচা আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বসিনটারী গন্ধমরুয়া গ্রামে মুসার দাদার বাড়ি গেলে তাঁর সঙ্গে কথা হয়। মুসা ইব্রাহীমের তিন চাচা। অন্য দুই চাচা হলেন আফজাল হোসেন মুন্সি ও আমিনুল ইসলাম। তিন চাচাই গ্রামে থাকেন।চাচারা জানান, আত্মীয়স্বজনের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখেন মুসা। তাঁর চাচাতো বোন আফজাল হোসেনের মেয়ে আরিফা আক্তার এবার এসএসসি পাস করেছে। সে বলে, ‘মুসা ভাইয়ের এভারেস্ট জয়ের সংবাদ জেঠা (আনসার আলী) মুঠোফোনে আমাদের জানান। আমার জেঠাতো ভাই যে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা ওড়ালেন, তা ভেবে আমার গর্ব ও আনন্দের শেষ নেই।’ সে আরও বলে, ‘মুসা ভাই যে বছর দাদা ইন্তেকাল করেন, সেই বছর (১০ বছর আগে) গ্রামের বাড়িতে এসেছিলেন। তবে তাঁর সঙ্গে আমাদের মুঠোফোনে যোগাযোগ হতো।’মুসা ইব্রাহীমের দাদি নবিরন নেছা (৭০) বলেন, ‘পরথম আলোত নাতির ছবি ছাপছে, খবর নেকছে, সগায় বাড়িত আসি ফটোক তুলছে, উয়ার কথা পুঁছ করছে—এটাই বড় আনন্দ।’ তিনি বলেন, ‘তোমরা দোয়া করেন উয়ায় যেন ভালে ভালে হিমালয় পর্বত থাকি নামি আইসপার পায়। কত দিন থাকি নাতিটাক চোখত দেখং না, এবার দেখবার চাং। ম্যালা বয়স হইছে, কবে যে দুনিয়া ছাড়ি যাং কায় জানে।’ লালমনিরহাটের জেলা প্রশাসক আলা উদ্দিন ফকির বলেন, ‘লালমনিরহাটের ছেলে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করছেন—তা গর্ব ও আনন্দের বিষয়। জেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হবে। আমরা তাঁকে লালমনিরহাট জেলায় পাওয়ার অপেক্ষায় থাকলাম।’উত্সবের আমেজ: বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্ধিপুর গ্রামে নানার বাড়িতে মুসার জন্ম। এ কারণে সেখানে এখন উত্সবের আমেজ বিরাজ করছে। আমাদের শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, নানার পরিবারের সদস্যদের এখন দিন কাটছে উত্সুক মানুষের নানা প্রশ্নের উত্তর দিয়ে।