ঢাকার কেরানীগঞ্জ থেকে শিশু পরাগ মণ্ডল অপহরণের ‘মূল পরিকল্পনাকারী’ আমির হোসেনকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিচারিক হাকিম তৈয়বুল হাসান এই আদেশ দেন।গতকাল আমিরকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে কেরানীগঞ্জ থানার পুলিশ। আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, পরাগ অপহরণের মূল হোতা আমির হোসেন। তাঁকে ডিবি পুলিশ বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার করে। অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা জবানবন্দিতে আসামি আমিরকে অপহরণের পরিকল্পনাকারী ও হোতা উল্লেখ করেছেন। ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমির গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তা যাচাই-বাছাই করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে আরও রিমান্ডে নেওয়া প্রয়োজন।শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।গত ১১ নভেম্বর ভোরে বাড়ির গলির মুখ থেকে বোন, মা আর গাড়িচালককে গুলি করে ছয় বছরের পরাগকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। অপহরণকারীদের কাছ থেকে তিন দিন পর ছাড়া পেয়ে পরাগ ১০ দিন হাসপাতালে ছিল। পরে বাড়ি ফেরে। এই অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব ও পুলিশ। ২৪ নভেম্বর টঙ্গীতে বন্দুকযুদ্ধের পর আহত অবস্থায় গ্রেপ্তার হন আমির। চিকিৎসা শেষে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।